বেইলির যেখানে গর্ব

মাত্র ১০ সেকেন্ড। শুরু হতে না-হতেই শেষ। আর এটির জন্যই তৃষিত নয়নে অপেক্ষা করে বিশ্ব। শুধু অলিম্পিক কেন, যেকোনো প্রতিযোগিতায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ১০০ মিটার দৌড়। কিন্তু এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এই ইভেন্টের ঝলক যেন অনেকটাই ম্লান। ডোপ পাপের দায় মাথায় নিয়ে সরে যেতে হয়েছে টাইসন গে ও আসাফা পাওয়েলদের মতো সিপ্রন্টারদের। সংশয় ছিল, ১০০ মিটার আলো ছড়াতে পারবে তো?
আলো ছড়িয়েছে এবং সেটা একজন উসাইন বোল্ট ছিলেন বলেই। আর কেউ নন, খোদ ডনোভান বেইলিই দিচ্ছেন এই ছাড়পত্র, ‘১০০ মিটার যেকোনো প্রতিযোগিতারই প্রধান আকর্ষণ। অন্য কোনো ইভেন্ট সেটা কেড়ে নিতে পারবে না। অনেক গ্রেট দৌড়বিদ, গ্রেট পোল ভল্টার, বড় তারকা থাকতে পারে। কিন্তু আসলে ১০ সেকেন্ডের জন্যই বিশ্ব থেমে থাকে।’ বেইলি নিজেও একসময়ের দ্রুততম মানব ছিলেন, জিতেছিলেন ১৯৯৬ অলিম্পিকের সোনাও ।
সবচেয়ে বড় কথা, কখনো ডোপ পাপের সঙ্গে জড়াননি এমন দ্রুততম দৌড়বিদদের ‘ছোট্ট’ ক্লাবে আছেন বেইলি। বোল্টও আছেন সেখানে। এটাই বিশ্ব চ্যাম্পিয়নশিপের আকর্ষণ হারাতে দেয়নি বলে বেইলির বিশ্বাস, ‘আমি ও বোল্টই এই ইভেন্টের চ্যাম্পিয়ন যারা ডোপের সঙ্গে কখনো জড়ায়নি। এটা নিয়ে আমি খুশি।’
কিন্তু বোল্টের ওপর চাপটা কি বেশি হয়ে যাচ্ছে? বেইলি এমনটা মনে করেন না, ‘না, এটা খুব একটা বোঝা হচ্ছে না। আমি তো এটা আগে সামলেছি। পরিচ্ছন্নভাবে দৌড়ে যাওয়াটা আমাদের দায়িত্ব, সেটা আমরা পছন্দ করি আর না-ই করি। উসাইন ট্র্যাকে ও ট্র্যাকের বাইরে দারুণ করছে।’ এএফপি ও ওয়েবসাইট।