বেইলির শতকে অস্ট্রেলিয়া ২৬৬
প্রথমেই ৫৬ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু জর্জ বেইলির অনবদ্য সেঞ্চুরিতে শুরুর বিপর্যয় কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ অবধি স্কোরবোর্ডে ২৬৬ রান জমা করতে পেরেছে অসিরা। বেইলির ইনিংসটি ছিল ১১০ বলে ১২৫ রানের। ইনিংসের শেষ ওভারে ডোয়াইন ব্রাভোর বলকে মাঠের চারদিকে আছড়ে ফেলে বেইলি তুলে নেন ২৫ রান। টসে জিতে ফিল্ডিং নিয়ে ইনিংসের একটা পর্যায়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষের ওই একটি ওভারের ঝড়েই তারা চলে যায় ব্যাকফুটে। আগের ম্যাচেই এক শয়ের নিচে অলআউট হয়ে লজ্জায় ডোবা ওয়েস্ট ইন্ডিজের জন্য ২৬৭ রানের লক্ষ্যটা একটু চোখ রাঙাচ্ছেই।ব্যাটিংয়ে নেমে শুরুটা মনমতো হয়নি অস্ট্রেলিয়ার। দ্রুতই কয়েকটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলার কাজটা শুরুতে দারুণভাবে করেছিলেন ক্যারিবীয় বোলাররা। প্রথম ১৪ ওভারের মধ্যে মাত্র ৫৬ রানের মাথায় একে একে ফিরে যান উসমান খাজা, অ্যারন ফিঞ্চ, ফিলিপ হিউজ ও অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। বিপর্যয়পূর্ণ পরিস্থিতিতে উইকেটে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ান জর্জ বেইলি। পঞ্চম উইকেটে ম্যাথু ওয়াডের সঙ্গে একটি ধৈর্যশীল জুটি বেঁধে ৩৭ রান যোগ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু স্কোরবোর্ডে ১০০ রান জমা না হতেই সাজঘরের পথ ধরেন ওয়াডে ও গ্লেন ম্যাক্সওয়েল। সপ্তম উইকেটে জেমস ফালকনারকে সঙ্গে নিয়ে ১০০ রানের চমত্কার এক জুটি গড়েন বেইলি। এই জুটিতে ভর করেই সম্মানজনক সংগ্রহের পথে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৫তম ওভারে ফালকনার ফিরে যান ৩৯ রান করে। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯৮ রান। শেষের পাঁচ ওভারে ঝোড়ো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে ভালো অবস্থানে নিয়ে যান বেইলি ও মিচেল জনসন। শেষ ৩৪ বল থেকে তাঁরা সংগ্রহ করেছেন ৬৮ রান। ১১০ বলে ১২৫ রানের লড়াকু ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বেইলি। জনসনের ব্যাট থেকে এসেছে ১৬ রান।