বেকহাম-অধ্যায়ের সমাপ্তি
গুরুর পথ ধরলেন শিষ্য। অ্যালেক্স ফার্গুসনের অবসর ঘোষণা টাটকা থাকতেই ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ডেভিড বেকহাম। ফ্রান্সের ক্লাব পিএসজির সঙ্গে তাঁর চুক্তি আরও এক বছরের জন্য বাড়বে বলে শোনা যাচ্ছিল। পিএসজি নতুন চুক্তিটা করতে প্রস্তুতও ছিল। কিন্তু ইউরোপ জয় করে আমেরিকা জিতে আবার ইউরোপে ফিরে আসা বেকহাম অবশেষে ঘরে ফেরারই সিদ্ধান্ত নিলেন। চারটি ভিন্ন ভিন্ন দেশে লিগ শিরোপার স্বাদ পাওয়া, আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ‘আইকন’ হিসেবে প্রতিষ্ঠা করা বেকহাম ইতি টেনে দিলেন দুই দশকের ক্যারিয়ারের। এই মৌসুমের সমাপ্তি একই সঙ্গে শেষ টেনে দেবে ক্রীড়াবিশ্বের অন্যতম সেরা এই তারকার ক্যারিয়ারের।বেকহামকে পিএসজিতে নিয়ে এসেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। ৩৮ বছরের এই ফুটবলারের ওপরও আস্থা রেখেছিলেন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে খেলিয়ে। সেই আনচেলত্তি হোসে মরিনহোর শূন্যস্থান পূরণে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে যাচ্ছেন বলেই একরকম পাকা খবর। আনচেলত্তির জায়গায় আসা নতুন কোচ তাঁকে একই সুযোগ দেবেন কি না, হয়তো এটা নিয়েই দ্বিধান্বিত ছিলেন বেকহাম। বয়সটাও আর সেই জায়গায় নেই যে লড়াই করে একাদশে জায়গা নেবেন। ফলে সব ভেবে লন্ডনে ফিরে আসার সিদ্ধান্তই নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি এবং সদ্যই পিএসজির হয়ে লিগ শিরোপা জেতা এই মিডফিল্ডার।কাল এক বিবৃতিতে বেকহাম বলেছেন, ‘পিএসজিকে কৃতজ্ঞতা জানাই, আমাকে চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তবে আমার মনে হচ্ছে ক্যারিয়ার শেষ করার, শীর্ষ পর্যায়ে খেলা থেকে বিদায় নেওয়ার এটাই সঠিক সময়।’ পিএসজির ট্রফিটিসহ ২০ বছরের ক্যারিয়ারে ১৯টি শিরোপা জিতেছেন। এর ১০টিই লিগে। জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। যদিও চির-আরাধ্য বিশ্বকাপ জেতা হয়নি। তবে আউটফিল্ড খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি লেখা হয়েছে তাঁরই নামের পাশে।শুধু মহাতারকাই ছিলেন না, ব্যক্তিগত জীবনে সফল বাবা ও স্বামীর আদর্শ এক ছবি এঁকেছেন চার সন্তানের বাবা। এত দীর্ঘ ক্যারিয়ারে সেই অর্থে বড় ধরনের কোনো বিতর্কেও জড়াননি। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অন্যতম ক্রীড়াবিদও হয়ে উঠেছিলেন অসাধারণ ভাবমূর্তির কারণে। তাঁর ফ্রি-কিকও পেয়ে গিয়েছিল একটি ‘ব্র্যান্ড’। ছবিই তৈরি হয়েছে হলিউডে বেন্ড ইট লাইক বেকহাম। বিদায়বেলায় পেছন ফিরে তাকিয়ে বেকহাম তাই তৃপ্তির আস্বাদই পাচ্ছেন, ‘যখন ছোট্টটি ছিলাম, কেউ যদি আমাকে বলত, একদিন আমি আমার শৈশবের ক্লাব ম্যানচেস্টারের হয়ে এত এত শিরোপা জিতব, দেশকে সম্মানের সঙ্গে নেতৃত্ব দেব, দেশের হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলব, বিশ্বের নামকরা কিছু ক্লাবেও খেলার সৌভাগ্য হবে; আমি আপনাকে বলতাম, এ স্রেফ এক অলীক কল্পনা। আমি ভাগ্যবান, সেই স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি।’১৯৯৩ সালে ইংলিশ ফুটবলে অভিষেক ইউনাইটেডের হয়ে। তিন বছর পর জাতীয় দলে অভিষেক। জীবনে এখন নতুন অধ্যায়ের খোঁজে নেমে পড়ছেন। নেমে পড়ছেন নতুন অভিযানে, ‘পৃথিবীর আর কিছুর সাধ্য নেই আমার ভালোবাসার খেলাটির জায়গা দখল করে। তবে আমি এখন নতুন একটা অভিযান শুরুর অনুভূতি পাচ্ছি। সামনে যা পড়ে আছে, তা নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত।’ এএফপি, রয়টার্স।