বেকহামও যাচ্ছেন বিশ্বকাপে
ইনজুরিতে পড়েছেন বলেই বিশ্বকাপে যেতে পারছেন। ফিট থাকলে হয়তো বিশ্বকাপে যাওয়াই হতো না ডেভিড বেকহামের!আসলেই তা-ই। পুরো ফিট থাকলে ফ্যাবিও ক্যাপেলোর বিশ্বকাপ দলে বেকহামের ঠাঁই হতো কি না বলা মুশকিল। অ্যাকিলিস ইনজুরিতে পড়ে বেকহাম ছিটকে যাওয়ায় ইংল্যান্ড দলের কোচের কাজটা অনেক সহজ হয়ে গেছে। বেকহামকে বাদ দেবেন কি না—এই সিদ্ধান্তের দোলাচলে থাকতে হয়নি।তবে ‘খেলোয়াড় বেকহামের’ মূল্যসূচক ক্যাপেলোর নিক্তিতে দরপতনের মুখে পড়লেও এই মিডফিল্ডারের অভিজ্ঞতাকে সব সময়ই সমীহ করেছেন ইতালিয়ান কোচ। আর তাই আগেই জানিয়ে রেখেছিলেন, বেকহামকে কোনোভাবে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া যায় কি না, এটা নিয়ে তিনি ভাবছেন। সেই ভাবনার অঙ্কুরোদ্গম হলো। ক্যাপেলো আর বেকহাম সম্প্রতি একান্তে বসেছিলেন বিশ্বকাপ নিয়ে দুজনের ভাবনাবিনিময় করতে। সেখানেই আনুষ্ঠানিকভাবে ক্যাপেলো বেকহামকে প্রস্তাব দিয়েছেন, তাঁর কোচিং স্টাফদের একজন হয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার।সেই প্রস্তাবে সানন্দে সায় দিয়েছেন জানিয়ে এই ৩৪ বছর বয়সী বলেছেন, ‘তাঁর মাপের এবং অভিজ্ঞতার একজন কোচ মনে করেছেন, আমি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব। এতে আমি খুবই সম্মানিত বোধ করছি।’ ক্যাপেলোর পাশাপাশি সহকারী কোচ ফ্রাঙ্কো বালদিনির সঙ্গেও কথা হয়েছে বেকহামের, ‘ওঁরা দুজনই মনে করেন, বিশ্বকাপে আমার ভূমিকা রাখার সুযোগ আছে। দল এবং খেলোয়াড়দের সঙ্গে আমি কাজ করতে পারি।’ইংল্যান্ডের হয়ে রেকর্ড ১১৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বেকহামের। খেলেছেন তিন-তিনটি বিশ্বকাপ। এই অভিজ্ঞতার দাম তো অবশ্যই অনেক। যদিও এখনো ঠিক হয়নি, ঠিক কোন ভূমিকাতে আগামী বিশ্বকাপে দেখা যাবে তাঁকে।ইংলিশ ফুটবলের হয়ে মাঠের বাইরের ভূমিকায় এরই মধ্যে অভিষেক অবশ্য হয়ে গেছে। ২০১৮ বিশ্বকাপের আয়োজক হতে চায় ইংল্যান্ড। তারই আবেদনপত্র বেকহাম নিজ হাতে জমা দিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের কাছে। ‘মাঠের বাইরেও দেশকে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাটা আমার কাছে একদমই আনকোরা। এবং অবশ্যই সেটি স্পেশাল কিছু। আমি সেটি উপভোগও করছি’—বলেছেন এলএ গ্যালাক্সির তারকা।বেকহাম এখন দুটো জয়ের অপেক্ষায়। প্রথমত জয়টা আসুক, ২০১০ বিশ্বকাপে শিরোপা জয় দিয়ে। আর দ্বিতীয় জয়টা ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ড আয়োজক নির্বাচিত হয়ে, ‘আশা করি, এ বছর আমরা দুবার বড় পুরস্কার জিতব। মাঠে এবং মাঠের বাইরেও।’বেকহামের বিশ্বকাপ-যাত্রায় অবশ্য এখনো খানিকটা অনিশ্চয়তা আছে। এখনো তাঁর গোড়ালির চোট পুরোপুরি সারেনি। নিয়মিত থেরাপি নিতে হচ্ছে। ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া বেকহাম জানিয়েছেন, ‘আমি নিজে আশা করছি, আমি দলের সঙ্গে যেতে পারব। তবে আমাদের অবশ্যই দেখতে হবে থেরাপি কী ফল দিচ্ছে।’ রয়টার্স, ওয়েবসাইট।