বেকহামকে চায় পিএসজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নভেম্বরেই শেষ হয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে ডেভিড বেকহামের চুক্তির মেয়াদ। এর পরই যেখানে খুশি যেতে পারবেন স্বাধীন বেকহাম। দরজাও খুলে রেখেছে অনেক ক্লাব। ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত কুইন্স পার্ক রেঞ্জার্স ইতিমধ্যেই সাবেক ইংলিশ অধিনায়কের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। বেকহামের পথ চেয়ে বসে আছে আরেক ইংলিশ ক্লাব টটেনহামও। এবার খবর, ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি) সাবেক ম্যানইউ এবং রিয়াল মাদ্রিদ তারকাকে পেতে আগ্রহী।ইন্টার মিলানের কোচের পদ ছেড়ে এই গ্রীষ্মেই পিএসজির ক্রীড়া পরিচালকের দায়িত্ব নিয়েছেন লিওনার্দো। এই ব্রাজিলিয়ানই কাল বলেছেন, বেকহামের জন্য পিএসজির দরজা খোলা। ২০০৯ ও ২০১০ সালে বেশ কিছুদিন এলএ গ্যালাক্সি থেকে বেকহাম ধারে খেলেছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। তখন মিলানের কোচ ছিলেন এই লিওনার্দো। বেকহামের সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘আমি ওকে এসি মিলানে কোচিং করিয়েছি এবং আমাদের মধ্যে দারুণ একটা সম্পর্ক গড়ে উঠেছিল।’পিএসজির সর্বশেষ লিগ জয় সেই ১৯৯৪ সালে। গত মৌসুম শেষ করেছে চতুর্থ হয়ে। কিন্তু এ বছর কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস মালিকানা কিনে নেওয়ার পর ক্লাবটি ঘুরে দাঁড়াতে চায় নতুন করে। সেই লক্ষ্যেই মোটা অঙ্কে দলে এনেছে লিওনার্দোকে। ফ্রেঞ্চ লিগের রেকর্ড ট্রান্সফার ফিতে আর্জেন্টাইন তারকা হাভিয়ের পাস্তোরেসহ এই গ্রীষ্মে কয়েকজন নতুন খেলোয়াড় কিনেছে ক্লাবটি আট কোটি ইউরো ঢেলে। এর পরও বেকহামের মতো বুড়িয়ে যাওয়া এক তারকার সঙ্গে চুক্তি করতে রাজি হবে ক্লাবের মালিকপক্ষ?লিওনার্দো বলছেন, ‘দরজা খোলা। ও একজন ফুটবলারের চেয়েও বেশি কিছু। ও একটা ব্র্যান্ড, জনপ্রিয় তারকা। আমি সব সময়ই ওকে বিবেচনা করব।’ এএফপি।