বেকহামকে সবার অভিবাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ বিশ্বকাপের আগ মুহূর্তের কথা। তাঁর বাঁ পায়ের পাতার একটি হাড় যখন ভেঙে গেল, খবরটা শুনে চমকে গিয়েছিলেন তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। মন্ত্রিসভার বৈঠক বিলম্বিত করে ব্লেয়ার খোঁজ নিতে ব্যস্ত হয়ে পড়লেন, কী অবস্থা ডেভিড বেকহামের। ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন তো!এই হচ্ছেন বেকহাম। ইংলিশ ফুটবলের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার হয়তো ছিলেন না। কিন্তু তাঁকে নিয়ে বিনিদ্র রাত কাটাতে বাধ্য হতেন খোদ প্রধানমন্ত্রী। এই কথা মনে করিয়ে দিয়েছে নিউইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রে, ফুটবল যেখানে সকার নামে পরিচিত, সেই দেশের সংবাদমাধ্যমেও ফলাও করে ছাপা হয়েছে বেকহামের অবসরের খবর। পাঁচ বছর এই ‘সকারের’ দেশে কাটিয়েছেন বেকহাম। যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানোয় অনেকেই যে ভ্রু কুঁচকেছিলেন, সেই কথা স্মরণ করিয়ে দিয়ে ইউএসএ টুডে লিখেছে, ‘বেকহাম এলএ গ্যালাক্সিতে আসার পর ইউরোপের ফুটবলবোদ্ধারা চোখ কপালে তুলে ফেলেছিল। কিন্তু এখানেও সাফল্য তুলে নিয়ে বেকহাম সংশয়বাদীদের মুখ বন্ধ করে দিয়েছিলেন।’স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি শোরগোল ইংলিশ মিডিয়ায়। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে তাঁর লাল কার্ডে যে ইংলিশ মিডিয়া ভীষণ ক্ষুব্ধ হয়েছিল, ইংল্যান্ড দলের ব্যর্থতার সবটুকু দায় চাপিয়ে দিয়েছিল বেকহামেরই কাঁধে; সেই তারাই ওই অতীতটা ভুলেছে অনেক আগে। বেকহামের সবচেয়ে কঠোর সমালোচক বলে পরিচিত দ্য সান প্রথম পাতায় শিরোনাম করেছে: ‘চিয়ার্স ডেভিড!’ প্রথম পাতায় ২০০২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তুলে দেওয়া গ্রিসের বিপক্ষে করা বেকহামের সেই ফ্রি-কিক গোলের উদ্যাপনের ছবিটাও ছাপিয়েছে তারা। ব্রিটেনের সবচেয়ে প্রচারিত পত্রিকাটি ১২ পৃষ্ঠার বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করেছে। সম্পাদকীয়তেও জায়গা পেয়েছেন বেকহাম।ডেইলি মেইল, দ্য টাইমস, গার্ডিয়ান—তিনটি পত্রিকাই করেছে অভিন্ন শিরোনাম: ‘এন্ড ইট লাইক বেকহাম’। দ্য টাইমস মনে করিয়ে দিয়েছে, শুধু ফুটবল নয়, ফুটবলের বাইরেও বেকহামের অবদানের কথা। ব্রিটেনের সত্যিকারের দূত হয়ে ওঠা বেকহাম যে লন্ডনে অলিম্পিক ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেটিও উল্লেখ করেছে পত্রিকাটি। ডেইলি টেলিগ্রাফ তাদের সম্পাদকীয়তে লিখেছে, ‘ডেভিড বেকহাম আর সব ফুটবলারের মতো ছিলেন না।’বেকহামের অবসর ঘোষণায় ব্যথিত হয়েছেন ডেভিড ক্যামেরন। তবে তাঁর নতুন জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ‘ডেভিড বেকহাম অবসর নেওয়ায় শুভকামনা জানাই। ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ড দলের হয়ে তাঁর সব জাদুকরি ফ্রি-কিক অনেক দিন সমর্থকদের মনে থাকবে।’ ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বলেছেন, ‘অবিশ্বাস্য এক গল্পের শেষ অধ্যায়টি লেখা হয়ে গেল। ডেভিড বেড়েই উঠেছে ফুটবল-পাগল একটা শিশু হিসেবে। নিজের স্বপ্নগুলো পূরণ করেছে। এটা বলা বাহুল্য, লাখ লাখ কিশোর-কিশোরীকে সে অনুপ্রাণিত করেছে ফুটবলকে ভালোবাসতে।’ এএফপি, ওয়েবসাইট।