বেকহামপুত্ররাও হবে 'লেডি কিলার'!

বহু ললনার হূদয়ে ঝড় তুলেছেন, তাঁদের রাতের ঘুম কেড়েছেন, স্বপ্নের রাজকুমার হয়েছেন—আরও কত্ত কি! কার কথা হচ্ছে? কেউ নন—ডেভিড বেকহাম! কেবল খেলোয়াড় হিসেবেই নয়; ফ্যাশন, স্টাইলেও সিদ্ধহস্ত বেকহাম এবার বলছেন, ভবিষ্যতে তাঁর তিন পুত্র হবে ‘লেডি কিলার’!
বেকহামের ছেলে ব্রুকলিন (১৪), রোমিও (১১) ও ক্রুজ (৮) নাকি বাবার পথেই হাঁটছে। বেকহাম বলেন, ‘ছেলেরা দেখতে সুন্দর, ভদ্র, ভীষণ আমুদে। ফলে মনে হয় ওরা লেডি কিলারই হবে! এ বিষয়ে আমার পক্ষে বলা সহজই। কিন্তু ভিক্টোরিয়াকে (বেকহামের স্ত্রী) যদি এ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, তবে ভালো উত্তর পাবেন না।’
বেকহাম ছেলেদের স্টাইল নিয়ে বললেন, ‘বড়টা, মানে ব্রুকলিনের বর্তমান যে চুলের স্টাইল, এটাই চেয়েছি। কেননা, এমন চুল আমারও ছিল। চমত্কার স্টাইল।’ জানালেন সন্তানদের ফুটবলপ্রীতির কথাও। বেকহামের দুই বছরের মেয়ে হারপারও নাকি ফুটবল-পাগল! সাবেক ইউনাইটেড তারকা বললেন, ‘ওরা স্কুলে ফুটবল খেলে। বাড়ির আঙিনায় খেলে। এমনকি ঘরের মধ্যেও খেলে। ভিক্টোরিয়া অবশ্য কখনো কখনো ঘরে ফুটবল খেলাটা পছন্দ করে না।’
ভিক্টোরিয়া প্রসঙ্গ যখন এলই, তখন বলে রাখা ভালো, বেকহাম এবার ভালোবাসা দিবসে পাশে পাচ্ছেন না প্রিয়তমা স্ত্রীকে। বললেন, ‘ওই সময়ে ইউনিসেফের কাজে ওকে ফিলিপাইনে থাকতে হবে। ওর পাশে থাকতে পারব না। তবে নিশ্চিত এর আগে কিংবা পরে আমরা ভালোবাসা দিবস উদযাপন করব।’ ওয়েবসাইট।