বেকহামে আশার বসত
সর্বোচ্চ তিন মাস। মানে ৯০ দিন। এই অল্প সময়ে ডেভিড বেকহাম কী করতে পারবেন? বয়সও তো তাঁর প্রায় ৩৬।এসব প্রশ্নই এখন শুনতে হচ্ছে হ্যারি রেডন্যাপকে। টটেনহাম হটস্পার কোচ বেকহামকে ধারে গ্যালাক্সি থেকে নিয়ে আসতে চান। যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ শুরু হবে আগামী মার্চের মাঝামাঝি। এই সময়টায় বেকহাম নিজেও টটেনহামের হয়ে খেলতে চান। ইংলিশ ক্লাবটি এখন গ্যালাক্সির সবুজ সংকেতের অপেক্ষায়।২০০৩ সালের পর ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় তারকাটির আবারও আঁতুড়ঘরে ফিরে আসার সম্ভাবনায় অনেকেই হয়তো রোমাঞ্চিত। কিন্তু এই প্রশ্নও কেউ কেউ তুলছেন, এই সময়টায় বেকহাম কতটা কী করতে পারবেন, তাঁকে দলে আনা স্পারদের জন্য আদৌ ফলদায়ক হবে কি না।লিগে গত তিন ম্যাচে জয় দিয়ে আবারও শিরোপার দৌড়ে ফিরে আসা স্পার কোচ রেডন্যাপ আশাবাদী। এই মৌসুমে আর্সেনাল থেকে উইলিয়াম গালাসকে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে দলে নিয়ে আসার উদাহরণ টেনে রেডন্যাপ বলছেন, ‘আমার লোক চেনার ক্ষমতা আছে। গালাসকে নিয়ে আসার সময় সবাই বলল, “তুমি কি পাগল, ওকে কেন এখানে নিয়ে আসছ?” কিন্তু দেখুন, ও কি ভালো খেলছে না? ছয় বছর আগে নোয়ানকো কানুকে নিয়েছিলাম (পোর্টসমাউথের কোচ থাকার সময়)। তখনো অনেকে বলেছিল, “ও তো শেষ।” দেখুন, ও এখনো ওই ক্লাবে খেলে যাচ্ছে। আমি ওখানকার কোচ থাকার সময় ও এফএ কাপের সেমিফাইনাল আর ফাইনালে গোলও করেছিল।’মানে? মানে বেকহাম টটেনহাম হটস্পারের শিরোপা-স্বপ্নে রং লাগাবেন বলেই বিশ্বাস রেডন্যাপের। ওয়েবসাইট।