বেকহামের আরেক লড়াই
অভিজ্ঞতাটা তাঁর জন্য আনকোরা নয়। ক্যারিয়ারে আগুন তো আর এই প্রথম দেওয়া হলো না। কিন্তু ‘চিরঞ্জীব’ ডেভিড বেকহাম লড়াই করে ফিরে এসেছেন। ৩৫ বছর বয়সী চিরযুবা বেকহাম আরও একটি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি। তবে তাঁর কাছের মানুষদের নাকি বলেছেন, ফ্যাবিও ক্যাপেলোর ‘বিদায়ী ম্যাচের’ প্রস্তাব তিনি নিচ্ছেন না। মানে পরিষ্কার—আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা এখানেই দেখছেন না এই ৩৫ বছর বয়সী!এই লড়াইয়ের প্রেরণা নিজের অতীত থেকেই খুঁজে নিচ্ছেন। ২০০৬ বিশ্বকাপের পরও স্টিভ ম্যাকক্লারেনের ইংল্যান্ডে ব্রাত্য হয়ে পড়েছিলেন। পরে কী হয়েছিল সবার জানা। ম্যাকক্লারেনকে পাততাড়ি গুটিয়ে দল ছাড়তে হয়েছিল ইউরোর বাছাইপর্বই পেরোতে না পারার দায়ে। এবং তারও আগে ওই কোচ বাধ্য হয়েছিলেন দলের ভাগ্য ফেরাতে বেকহামেরই দ্বারস্থ হতে। ম্যাকক্লারেনের জমানাতেই জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল ডেভিড বেকহামের।বর্তমান কোচ ক্যাপেলোও যে বেকহামকে হাসিমুখে দলে রেখেছিলেন এমনও নয়। রিয়াল মাদ্রিদ থেকে এলএ গ্যালাক্সিতে নাম লেখানোয় এই ইতালিয়ান জানিয়ে দিয়েছিলেন, কেবল ইউরোপিয়ান শীর্ষ লিগে খেললেই বেকহামকে বিবেচনা করা হবে জাতীয় দলের জন্য। ববি মুরের ১০৮টি ম্যাচ খেলার রেকর্ড ভাঙতে উদগ্রীব বেকহাম ধারে খেলতে চলে গেলেন এসি মিলানে। সেখানে এমনই খেললেন, ইতালিয়ান ক্লাবটি তাঁকে স্থায়ীভাবে কিনতে আগ্রহী হলো। আর ক্যাপেলোও বাধ্য হলেন দলে ফেরাতে।পরশু বেকহামের মুখপাত্র নিশ্চিত করেছেন, এমনই আরেকটি লড়াইয়ের অস্ত্রে শাণ দিচ্ছেন বেকহাম। কিন্তু পড়ন্ত বয়স, ক্যারিয়ারঘাতী ইনজুরি, একগুঁয়ে ক্যাপেলো...এত সব বাধা টপকে বেকহাম কি আবার পৌঁছাতে পারবেন তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যের সমাপ্তিরেখায়?উত্তরটা সময়ই দিয়ে দেবে। তবে বেকহামের এই ফেরার লড়াইয়ে তাঁর পাশে দাঁড়াতে চায় ওয়েস্টহাম। ইংলিশ ক্লাবটি জানিয়েছে, বেকহামকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনতে তারা আগ্রহী। বেকহাম অবশ্য এ ব্যাপারেও এখনো কোনো মন্তব্য করেননি।ওয়েস্টহামের মতো আরও অনেকেই হয়তো আছে যারা চায় বেকহাম ফিরে আসুন। তবে ইংল্যান্ডের বেশির ভাগ মানুষই ধরে নিয়েছে, বেকহামের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। একের পর এক বিদায়ী বার্তা আর কৃতজ্ঞতা জ্ঞাপন চলছেই। এবার খোদ ইংলিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ধন্যবাদ জানালেন এই অসাধারণ ‘রোল মডেল’কে, ‘আমি এই সুযোগে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তাঁর সেসব দুর্দান্ত ফ্রি-কিক, সেসব দুর্দান্ত মুহূর্ত আমরা সব সময়ই স্মরণ করব।’বেকহাম না থাকা মানে তরুণদের জন্যও সুযোগ নিজেদের প্রমাণ করার। সবচেয়ে বড় সুযোগ পেলেন থিও ওয়ালকট। বেকহামের পজিশনে তাঁকেই ভাবা হচ্ছে অনেক দিন ধরে। সেই ওয়ালকটও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, বিশ্বকাপ দলে না থাকার হতাশামাখা মুহূর্তে বেকহাম কীভাবে তাঁকে অনুপ্রাণিত করে গেছেন।এই অনুপ্রেরণা বেকহাম না থেকেও দিয়ে যাবেন হয়তো ভবিষ্যতেও। তবে তিনি নিজে ২০১২ ইউরো পর্যন্ত খেলতে চেয়েছিলেন। সেই চাওয়া পূরণ হচ্ছে না, কারণ ক্যাপেলো দল গড়ছেন ২০১৪ বিশ্বকাপ মাথায় রেখে। যে সময় বেকহাম ৩৯ পূর্ণ করে পা রাখবেন ৪০-এ।দেখাই যাক, এবার লড়াইটা কেমন করেন বেকহাম! এএফপি, ওয়েবসাইট।