বেকহামের বিনয়, বিনয়ী বেকহাম
এই ডেভিড বেকহাম সত্যিকারের জাতিসংঘের শুভেচ্ছাদূত। যেন খরা, দুর্ভিক্ষ আর গৃহযুদ্ধে পীড়িত মরু সাহারার কোনো আফ্রিকান দেশে গিয়ে হাড় জিরজিরে শিশুর মাথায় হাত রেখেছেন।এই বেকহাম সত্যিকারের প্রেরণাদাতা, যেন আফগানিস্তানে আততায়ী মৃত্যুর সঙ্গে সখ্য পাতানো কোনো ব্রিটিশ সেনার দুঃখ ভাগ করে নিতে এসেছেন। এই বেকহাম না পাওয়ার বেদনা বুঝতে পারেন, সমর্থকের প্রত্যাশা খুন হওয়ার কষ্টটা চেনেন। সে জন্যই হয়তো বললেন, ‘না, সে পারফরম্যান্স নিয়ে কোনো মন্তব্যই করেনি। সে শুধু ভেতরে ঢুকল, “হ্যালো” বলল। এটি ছিল একেবারেই ব্যক্তিগত আলাপচারিতা।’তাহলে বলতেই হচ্ছে, শুক্রবার রাতে ইংল্যান্ডের গোলশূন্য ড্রয়ের পর লাল টি-শার্ট পরে যে রাগী ইংলিশ সমর্থক যুবকটি ঢুকেছিলেন ড্রেসিংরুমে, তিনি মধুবর্ষণ করে গেছেন বেকহামের কানে। মিস্টার বেকহাম, ‘ব্যক্তিগত আলাপচারিতা’য় ওই সমর্থক নিশ্চয়ই এও বলে গেছেন আপনাকে, ‘ইংল্যান্ড কী ভালো, কী ভালো!’বেকহাম যতই আড়াল করার চেষ্টা করুন, দলের জঘন্য পারফরম্যান্সের পর ক্ষুব্ধ সমর্থকের ভাষাটা যে একই থাকে, সেটা সবাই জানে। সেই সমর্থক ইংল্যান্ডেরই হোন কিংবা বাংলাদেশি। ইংলিশ সাংবাদিকেরা তাই দৃশ্যটা নিজেদের মতো করেই সাজিয়ে নিয়েছেন। যে দৃশ্য নতমস্তকে দাঁড়িয়ে থাকা বেকহামকে ওই সমর্থক বলছেন, ‘তুমি এখানে কি ভেরেন্ডা ভাজতে এসেছ শুনি?’বেকহাম তো নিজে আসেননি, তাঁকে ডেকে আনা হয়েছে। সাহায্যকারী একজন সদস্য হিসেবে কোচ ফ্যাবিও ক্যাপেলো ডেকে এনেছেন এলএ গ্যালাক্সির জ্যোতিষ্ককে। যাঁর থাকার কথা ছিল মাঠের ১২০ গজে, তাঁকে ডাগ-আউটে দাঁড়িয়ে যন্ত্রণায় মুখ ঢাকতে হচ্ছে সতীর্থদের বেহাল ফুটবল দেখে। তিনি তো থাকতেই চেয়েছিলেন খেলোয়াড় হিসেবে, বুকের মধ্যে লুকোনো ছিল সেই ইচ্ছে-পাখির ডানা, জয়ের পর যা মেলে ধরবেন শূন্যে। কিন্তু অ্যাকিলিস ইনজুরি তা হতে দিল না। তবে বিশ্বকাপ বলেই ক্যাপেলোর ডাকে সাড়া দিয়ে তাঁকে অন্য ভূমিকায় আসতে হলো। না এলেও পারতেন। কিন্তু ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা সৃষ্টিশীল খেলোয়াড়টিকে যে ৪৪ বছরের বিশ্বকাপ শিরোপাটা চুপিচুপি ডেকে যায়। এখানে এসে কি হঠাৎ করেই বেকহামের মনে হচ্ছে, ভুল হয়ে গেছে? ডাগ-আউটে দাঁড়ানো ইংল্যান্ডের সাবেক অধিনায়কের ছটফটানি সেটাই পরিষ্কার করে তুলছে।তিনি স্যুটের পকেটে দুই হাত ঢুকিয়ে ‘অদৃশ্য’ বলটিতে কিক করছেন, যেন নিপুণ একটা ফ্রি-কিক তুলে দেবেন রুনি কিংবা ল্যাম্পার্ডের মাথায় আর মুহূর্তেই ‘গো...ও...ল’ বলে মহাশব্দে ভেঙে পড়বে স্টেডিয়াম। তিনি হঠাৎ করেই বসে পড়ছেন, চুলের মধ্যে হাত দুটো চালান করে দিয়ে ভাবছেন, কীভাবে রুনির দিকে ডিফেন্স-চেরা শেষ পাসটা দেওয়া যায়।কিন্তু হায়, শুক্রবার রাতে কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে কিছুই তাঁর করার ছিল না, শুধু অক্ষম ক্রোধে জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়া ছাড়া। তাঁর হাত (নাকি পা) বাঁধা, তিনি এসেছেন রুনি-ল্যাম্পার্ড-জেরার্ডদের জাগিয়ে তুলতে। তাঁরা জাগলেন না। রুনি পেনাল্টি বক্সে বার কয়েক দৌড়ে গিয়ে কয়েকটা দুর্বল উদ্দেশ্যহীন শট করলেন, জেরার্ড ডান প্রান্ত দিয়ে গোটা দুই দৌড় দিলেন। ল্যাম্পার্ড মাঝবৃত্তের কাছাকাছি কয়েকবার প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে হারিয়ে গেলেন। হারিয়ে গেল ইংল্যান্ডও, পুঁচকে আলজেরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র। লাল শার্ট পরা ওই সমর্থক আর বেকহামের বুকের যন্ত্রণার মোহনা একই বলেই হয়তো কটু কথা শোনার পরও বেকহাম সেটি লুকানোর চেষ্টাতেই ব্যস্ত, ‘যা ঘটেছে, তার চেয়ে অনেক বাড়িয়ে বলা হচ্ছে।’বিশ্বকাপকে বলা হয় লখিন্দরের বাসরঘর। এখানে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারে না। আর একজন সমর্থক কি না ইংল্যান্ডের ড্রেসিংরুমে ঢুকে বেকহামকে গালাগালি করে এলেন? ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাৎক্ষণিকভাবে কড়া ভাষায় চিঠি লিখেছে ফিফাকে, এই নিরাপত্তা শৈথিল্য কীভাবে হলো, সেটির ব্যাখ্যা দিতে হবে। ফিফা প্রাণপাত করে ফেলছে।কিন্তু এ দেশের লোকজনের গভীর বিশ্বাস, সরষের মধ্যে থাকা ভূতই কাজটা করে দিয়েছে। এ দেশে নাকি অল্প কয়েকটা র্যান্ড ‘ঘুষ’ দিলে সবই সম্ভব। ওতেই বজ্র আঁটুনি ফসকা গেরোয় পরিণত হয়। সেদিন একজন প্রবাসী বাংলাদেশি এক নিরাপত্তারক্ষীর কাছ থেকে ৩০০ র্যান্ডের বিনিময়ে ভিআইপি টিকিটে খেলা দেখে এসেছেন। শুধু ওই উগ্র সমর্থকই নন, আরও দুজন বড় মাপের সমর্থক ঢুকেছিলেন ইংল্যান্ডের ড্রেসিংরুমে। প্রিন্স হ্যারি ও উইলিয়াম। তাঁরা চলে যাওয়ার ৫-১০ মিনিট পরই বেকহামের ওই ‘অপদস্থ’ হওয়া, যদিও ইংল্যান্ড ফুটবলের সবচেয়ে বড় তারকা বিনয়ের সঙ্গে বলছেন, কিছুই ঘটেনি। এসব জানার পর প্রিন্স উইলিয়াম রসিকতা করে বলেছেন, ‘আমরাই হয়তো দরজা খুলে দিয়েছিলাম তার (সমর্থক) জন্য।’ দুই রাজপুত্রই বা অনাহূতভাবে কীভাবে ঢোকেন ড্রেসিংরুমে, সেটাও প্রশ্ন।প্রশ্ন আর প্রশ্ন ইংল্যান্ড দলকে ঘিরেও। উত্তর নেই, শুধু প্রশ্নের পাহাড়। আর একজন বেকহাম তাঁর বিনয় নিয়ে কেবল শুনেই যাচ্ছেন। শুনেই যাচ্ছেন...।