বেকহামের রেকর্ড

চারটি ভিন্ন দেশের লিগ-শিরোপা জয়ের স্বাদ নিলেন ডেভিড বেকহাম। তাঁর আগে ইংল্যান্ডের আর কোনো ফুটবলার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।
৩৮ বছর বয়সী বেকহাম বর্তমানে খেলছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে। দীর্ঘ ১৯ বছর পর আজ সোমবার ফ্রান্স লিগের শিরোপা জিতেছে পিএসজি। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন দেশের লিগ-শিরোপার স্বাদ পেলেন বেকহাম। ইংল্যান্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), স্পেন (রিয়াল মাদ্রিদ) ও যুক্তরাষ্ট্রের (লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি) পর ফ্রান্সের (পিএসজি) লিগ-শিরোপা জিতলেন তিনি। গোটা ক্যারিয়ারের কথা বললে, এটি সাবেক এই ইংলিশ অধিনায়কের দশম লিগ-শিরোপা।
গত ৩১ জানুয়ারি পিএসজিতে যোগ দেন বেকহাম। প্রাথমিকভাবে চুক্তি হয়েছে পাঁচ মাসের। আগামী মাসে সেটা শেষ হওয়ার কথা। পিএসজিতে যোগ দেওয়ার দিনেই বেকহাম ঘোষণা দেন, পিএসজি থেকে যে বেতন পাবেন, তার পুরোটাই তিনি দান করবেন প্যারিসে শিশুদের একটি দাতব্য প্রতিষ্ঠানে। সূত্র: দ্য টেলিগ্রাফ।