বেকহামের শেষের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্তাচলে হেলে গেছে সূর্য। ডেভিড বেকহামের ক্যারিয়ার সত্যিই চলে এসেছে শেষের শুরুতে। অন্তত শীর্ষ পর্যায়ের ফুটবলে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে মনে করছে খোদ এসি মিলান। ইতালির এই ক্লাবটিতে খেলেই নিজের মৃতপ্রায় ক্যারিয়ার বাঁচিয়ে তুলেছিলেন ইংলিশ মিডফিল্ডার।গত মে মাসে ৩৬-এ পা দিয়েছেন। বয়সটাই মূল বাধা নয়। নিজেকে ফিট রাখতে উদয়াস্ত পরিশ্রম করেন। আসলে বেকহাম আর আগের মতো খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে তাঁর ইনজুরির কারণে। যে অ্যাকিলিস ইনজুরি বিশ্বকাপ খেলার স্বপ্নও ধূলিস্মাৎ করে দিয়েছে তাঁর। সম্ভবত গুঁড়িয়ে দিতে চলেছে শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলার স্বপ্ন। কারণ এই ইনজুরির কারণেই বেকহামকে আর দলে নিতে আগ্রহী নয় মিলান। অথচ এই ক্লাবটিই মাসকয়েক আগে তাঁকে স্থায়ীভাবে কিনে নিতে দেনদরবার শুরু করেছিল এলএ গ্যালাক্সির সঙ্গে।গত দুই মৌসুমে ধারে গ্যালাক্সি থেকে মিলানে গিয়ে খেলা বেকহামকে এবারও দেখা যাবে কি? সাংবাদিকদের এমন প্রশ্নের চাঁছাছোলা জবাব দিয়েছেন মিলানের নতুন কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, ‘আমার তা মনে হয় না। ও এখন গুরুতর একটা চোট থেকে সেরে উঠছে। এই বয়সে ওই ইনজুরি সেরে আবারও আগের অবস্থায় ফেরা খুবই কঠিন।’এই মিলানের হয়ে খেলার সময় গত মৌসুমে ইনজুরিতে পড়েন বেকহাম। বয়সের কারণেই কিনা, তাঁর চোট সারছে স্বাভাবিকের চেয়ে অনেক কম গতিতে। বেকহাম নিজেই স্বীকার করেছেন, নির্ধারিত সময়ের চেয়ে অন্তত দুই মাস পিছিয়ে আছে তাঁর মাঠে ফেরার সূচি। এমনও ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরের আগে পুরো ফিট হয়ে নাও উঠতে পারেন।মিলান তাঁকে আবারও ধারে নিয়ে যেতে অনাগ্রহ প্রকাশের পর এই ধারণা করাই স্বাভাবিক, বেকহামের শীর্ষ পর্যায়ে আর খেলাই হবে না। ওয়েস্টহাম তাঁকে কিনতে চায় বলে যে খবর বেরিয়েছিল, সেটিও স্রেফ গুঞ্জন বলে প্রমাণিত হয়েছে। গত মৌসুমে টটেনহাম বেকহামের ব্যাপারে আগ্রহী ছিল। এ মৌসুমে তারাও একদম চুপ। গ্যালাক্সিই হয়তো তাঁর শেষ ভরসা। কিন্তু মার্কিন ক্লাবটির সঙ্গেও তো চুক্তির মেয়াদ আর বেশি দিন নেই। ২০১২-তে পাঁচ বছরের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর ক্লাবটি চুক্তি নবায়ন করবে কি না, কে জানে।পরশু আর্সেনালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে মিলান। এমিরেটস স্টেডিয়ামের ম্যাচটি বেকহাম দেখেছেন তিন ছেলেকে সঙ্গে নিয়ে গ্যালারিতে বসে। মিলানের জন্য বেকহাম এখন থেকে এমনই দর্শক হয়ে গেলেন।তবে দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক বাধা তিনি পেরিয়ে গেছেন। আগেও তাঁর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিল অনেকে। কিন্তু বারবার লড়ে গেছেন। অন্য কেউ হলে লিখে ফেলাই যেত, ‘শেষ’। বেকহাম বলেই একটা ফাঁক রেখে দিতে হচ্ছে। কিন্তু লড়াইয়ের শক্তিও তো ফুরোয় একসময়! ওয়েবসাইট।