বেকহামের ‘মিশন প্যারিস’
ধূসর স্যুট গায়ে সোনালিচুলো লোকটা গাড়ি থেকে নামার পরপরই পড়তে লাগল ফটোগ্রাফারদের মুহুর্মুহু ফ্লাশ। প্যারিসের আকাশে বাতাসে যেন গুঞ্জরণ ,‘স্বাগতম ডেভিড বেকহাম!’জানুয়ারির শেষ দিনেই চমক হয়ে এল খবরটা। ইংল্যান্ড, ইতালি বা অস্ট্রেলিয়া নয়, কেতাদুরস্ত সাবেক ইংল্যান্ড অধিনায়কের নতুন ঠিকানা হতে যাচ্ছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। আপাতত চুক্তিটা পাঁচ মাসের। পেট্রোডলারের কল্যাণে আর যাই হোক, অর্থের অভাব নেই পিএসজির। ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা, লুকাস মৌরাদের দলে এনে সেই প্রমাণ দলটি দিয়েছেও। কিন্তু বেকহামের প্রতি হঠাৎ কার্লো আনচেলত্তি উৎসাহী হয়ে উঠলেন কেন? বোঝাই যায়, পেছনে ফুটবলীয় কারণ না যতটা আছে , তার চেয়ে বেশি এই ফুটবলারের বিশ্বজোড়া পরিচিতি। আরও নির্দিষ্ট করে বললে বাণিজ্যিক মূল্য। ফুটবলের লোভনীয় আন্তর্জাতিক বাজার ধরার সুযোগ হাতছাড়া করা যায় নাকি!কত বেতন পাবেন এটা জানা যায়নি। কিন্তু সংবাদ সম্মেলনে অপ্রত্যাশিত এক ঘোষণায় সবাইকে হতচকিতই করে দিয়েছেন বেকহাম। পিএসজি থেকে যে বেতন পাবেন, তার পুরোটাই দান করে দেবেন প্যারিসে শিশুদের একটি দাতব্য প্রতিষ্ঠানে। গত পরশু স্বাস্থ্য পরীক্ষার আনুষ্ঠানিকতা শেষে সংবাদ সম্মেলনে বলেছেন আরও অনেক কথাই। চুক্তিটা স্বল্প সময়ের জন্য হলেও আত্মনিবেদনে কোনো খাদ থাকবে না তাঁর, ‘আমি যখনই খেলি বা যেখানেই খেলি, সব সময়ই ১৫০ ভাগ ঢেলে দিই।’ বয়স হয়ে গেছে ৩৭, প্রশ্ন ছিল বুটজোড়া তুলে রাখবেন কবে? সরাসরি কিছু বলেননি বেকহাম, ‘আমি জানি না এটাই আমার শেষ চুক্তি হতে যাচ্ছে কিনা। মানুষ বেশ কয়েক বছর থেকেই এটা বলছে। কিন্তু আমি এখনো খেলে যাচ্ছি। চুক্তিও সই করছি।’ জানিয়েছেন পিএসজিকে বেছে নেওয়ার পেছনের কারণটাও নিখাদ ফুটবলীয়ই, ‘আমি প্যারিসকে বেছে নিয়েছি, কারণ আমি দেখছি তারা কী করতে চেষ্টা করছে। কেমন খেলোয়াড়দের তারা দলে আনছে। সামনের ১০, ১৫, ২০ বছরে তারা অনেক সাফল্য পাবে।’ এএফপি।