বেকেনবাওয়ারের অপেক্ষা

চার বছরে ১৪ শিরোপা। বার্সেলোনাকে ঈর্ষণীয় সফলতা এনে দিয়ে পেপ গার্দিওলা গত জানুয়ারিতে চুক্তিবদ্ধ হয়েছেন বায়ার্ন মিউনিখের সঙ্গে। গার্দিওলা কি পারবেন বার্সার মতো জার্মান ক্লাব বায়ার্নকেও সফলতার ভেলায় ভাসাতে?
৪২ বছর বয়সী গার্দিওলা পারবেন কি না, সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে একজন অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বায়ার্নে গার্দিওলা-যুগ দেখার—জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
‘সে (গার্দিওলা) কেমন করে, তা দেখার অপেক্ষায় আছি। দলে সে বিশেষ কী যোগ করে, সেগুলো কাজ করে কি না, সব দেখার অপেক্ষায় আমি।’ বলেছেন ৬৭ বছর বয়সী বেকেনবাওয়ার। গার্দিওলার প্রতি আস্থারও কমতি নেই বায়ার্ন কিংবদন্তির, ‘সে বিশ্বমানের ফুটবলার। আমি কল্পনা করতে পারি, গার্দিওলা দলে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। সে যেভাবে কাজ করে, সবাই তা বেশ ভালোভাবেই নেয়। সে খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব।’
বার্সার মতো বিশ্বসেরা দল সামলে এসেছেন, বায়ার্নের দায়িত্ব নিয়ে তাই খুব একটা চাপে থাকার কথা নয় গার্দিওলার মতো সফল কোচের। কিন্তু চাপটা তৈরি করে দিয়ে গেছেন ইয়ুপ হেইঙ্কেস। গত মৌসুমে ইতিহাস গড়ে বায়ার্নকে প্রথমবারের মতো ট্রেবল জিতিয়েছেন এই জার্মান কোচ। এখন গার্দিওলার ওপর বর্তেছে এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষার ভার। গার্দিওলাকে নিয়ে প্রত্যাশার পারদটাও অনেক ওপরে। বার্সাকে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়েছেন। তাঁর তত্ত্বাবধানে বার্সেলোনা খেলত ‘অন্য গ্রহের’ ফুটবল। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চার বছর তিনি ছিলেন লা লিগার বর্ষসেরা কোচ। ২০১১ সালে ফিফার বর্ষসেরা কোচও মনোনীত হয়েছিলেন। গার্দিওলার ওপর প্রত্যাশার পারদটা ওপরে থাকাটাই তো প্রত্যাশিত। কিন্তু ফুটবলাররা কি সেই প্রত্যাশার পারদের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন? ঠিক নিশ্চিত নন বেকেনবাওয়ার, ‘আমি জানি না, গার্দিওলাকে ঘিরে গণমাধ্যমে যে উত্তেজনা চলছে, খেলোয়াড়েরা তা কীভাবে নেবে।’
বাভারিয়ানদের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন গার্দিওলা। এই তিন বছর তো বটেই, বায়ার্নে আগামী ১০ বছর গার্দিওলার সফলতা কামনা করেছেন বেকেনবাওয়ার। সূত্র: জিনিউজ।