আগামী মঙ্গলবার রাতটা অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তাঁকে, যেন করাত কল চালিয়ে হূদয়টাকে দুই টুকরা করবে কেউ। একদিকে বার্সেলোনা, তাঁরই রেখে আসা ক্লাব, রেখে আসা শিষ্যরা—যাঁদের প্রতি ভালোবাসায় এখনো মন আর্দ্র। অন্যদিকে বায়ার্ন মিউনিখ—তাঁর ভবিষ্যৎ ক্লাব, ভবিষ্যৎ শিষ্য ও ভবিষ্যৎ ভালোবাসা। কোন দিকে যাবেন পেপ গার্দিওলা!বার্সা-বায়ার্ন সেমিফাইনাল গার্দিওলার জন্য তাই উপভোগ্য হওয়ার কথা নয়। যদিও বার্সার ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতা বলছেন অন্য কথা, ‘এই লড়াইয়ে কষ্ট পাওয়ার চেয়ে তিনি বরং আরও বেশি উপভোগ করবেন।’মেসি-জাভি-ইনিয়েস্তাদের তিনি হাতের তালুর মতোই চেনেন। বার্সা শিবিরের একটা অংশের আশঙ্কা, গার্দিওলা না শেষে বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হন। বিশেষ করে, নিউইয়র্কে অবস্থানরত গার্দিওলাকে বায়ার্নের বিদায়ী কোচ ইয়ুপ হেইঙ্কেসের একটা ফোন দেওয়া উচিত বলে বায়ার্ন কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারই যেখানে এই আলোচনা উসকে দিয়েছেন। বার্সা-বায়ার্ন সেমিফাইনাল চূড়ান্ত হওয়ার পরই এই সম্ভাবনা বিরক্তিসহকারে উড়িয়ে দিয়েছিলেন হেইঙ্কেস। বেকেনবাওয়ার একই কথা বলার পরও তাঁর কণ্ঠে সেই বিরক্তিই। প্রথম জার্মান দল হিসেবে বায়ার্নকে শিরোপাত্রয়ী জেতার সামনে দাঁড় করানো হেইঙ্কেস উষ্মাও গোপন রাখেননি, ‘বুঝতে পারছি না, তাঁর মতো একজন সাবেক খেলোয়াড় ও কোচ কীভাবে এই কথা বললেন।’ গার্দিওলা নয়, ফোন দিতে হলে ইয়োহান ক্রুইফকেই যে দেওয়া উচিত, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। কারণ, বার্সার এই সাফল্যের মূল ভিত্তি ক্রুইফের হাতেই গড়া।গার্দিওলা কখনোই নিজের সাবেক ক্লাবের অনিষ্ট চাইবেন না বলেই মনে করেন হেইঙ্কেস। ফুটবলীয় নীতির অলিখিত শর্তই এমন। জুবিজারেতাও এবার গার্দিওলাকে রেহাই দেওয়ার অনুরোধ জানালেন, ‘ও নিউইয়র্কে আছে, ওকে সেখানেই থাকতে দিন। আমি জানি না, এই লড়াইয়ের জন্য তিনি (বায়ার্নের জন্য) রণকৌশলে কাজ করছেন কি না। তবে এটা এই দুই দলের লড়াই, যারা এর সঙ্গে জড়িত নয়, তাদের রেহাই দিন।’কিন্তু এত সহজে কি মুক্তি মিলবে? এ এমন এক লোভনীয় লড়াই, যা নিয়ে আলোচনা চলতেই থাকবে। শক্তির বিচারে দুই দলই কাছাকাছি। দুই দলই এবার নিজ নিজ লিগে একক আধিপত্য ধরে রেখেছে। বায়ার্নের সাবেক কোচ ফেলিক্স ম্যাগাথের অবশ্য ধারণা, বায়ার্নের বিপক্ষে দাঁড়াতে পারবে না বার্সা। তবে বায়ার্ন সভাপতি উলি হোনেস এটা মানছেন না। তিনি বলছেন, দুই দলের জন্যই একে অন্যকে প্রতিপক্ষ হিসেবে পাওয়াটা অস্বস্তির! ‘বার্সার মতো দলের সঙ্গে খেলা পড়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ’ এই মন্তব্য করার পাশাপাশি হোনেস এটাও বলছেন, ‘বার্সাও আমাদের মুখোমুখি হয়ে খুশি নয়।’ তবে দুই দলের হয়েই আসল একটা কথা তিনি বলে দিয়েছেন, ‘চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হতে চাইলে আপনাকে সব দলকেই হারাতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।