বেকেলের রেকর্ডের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা মানেই রেকর্ড। সেই রেকর্ডের সঙ্গে ভালোই জানাশোনা কেনেনিসা বেকেলের। ইথিওপিয়ার এই দূরপাল্লার দৌড়বিদের দখলেই ৫ ও ১০ হাজার মিটার দৌড়ের বিশ্ব রেকর্ড। সেই ২০০৪ সাল থেকে। গত বুধবার পূর্ণ হলো সেই রেকর্ডের ২৮৫০তম দিন। ৫ ও ১০ হাজার মিটারের দুটি রেকর্ডই টানা সবচেয়ে বেশি দিন নিজের দখলে রাখার নতুন রেকর্ডও হয়ে গেছে এতে। বেকেলে ভেঙেছেন ফিনিশ কিংবদন্তি পাভো নুর্মির রেকর্ড। ১৯২০-এর দশকে টানা ২৮৪৯ দিন রেকর্ড দুটি সঙ্গী ছিল অলিম্পিকে ৯টি সোনাজয়ী নুর্মির। ১৯২৪ সালের ১৯ জুন ৫ হাজার মিটারে রেকর্ড করার পর ৩১ আগস্ট ভেঙেছিলেন ১০ হাজার মিটারের রেকর্ড। ২৮৪৯ দিন পর ১৯৩২ সালে আরেকটি ১৯ জুনে ৫ হাজার মিটারের রেকর্ডটি হাতছাড়া হয় স্বদেশী লুরি লেহটিনেনের কাছে। ২৯ বছর বয়সী বেকেলে ২০০৪ সালের ৮ জুন ৩০ মিনিট ৬.১ সেকেন্ডে ১০ হাজার মিটার ও এর আট দিন আগে ১২ মিনিট ৩৭.৩৫ সেকেন্ডে গড়েছিলেন পাঁচ হাজার মিটারের রেকর্ড। এই ইথিওপিয়ান এখন দৌড়াচ্ছেন নুর্মির আরেকটি রেকর্ডের পেছনে। ‘দ্য ফ্লাইং ফিন’ ১৯২২ থেকে ১৯২৪ সাল পর্যন্ত আরেকবার ৫৬০ দিন একই সঙ্গে রেকর্ড যুগলের মালিক ছিলেন। দুবারে মোট ৩৪০৯ দিন। একই সঙ্গে এই যুগল রেকর্ড নিজের দখলে রাখতে পেরেছেন মাত্র ৯ জন পুরুষ অ্যাথলেট। বেকেলের পূর্বসূরি হাইলে জেব্রেসেলাসি সবচেয়ে বেশি, চারবার এই যুগল রেকর্ডের মালিক ছিলেন। সবচেয়ে কম সময়ের (তিন দিন) জন্য দুটি রেকর্ডই নিজের অধিকারে রাখার ‘রেকর্ড’টাও তাঁরই। এএফপি।