বেঙ্গালুরু-চেন্নাইয়ের আজ ‘ফাইনাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগের অভিজ্ঞতাটাই যেন হলো কলকাতা নাইট রাইডার্সের। ২০০৯ আইপিএলে জোহানেসবার্গে কলকাতার বিপক্ষেই শেষ ওভারে জয়ের জন্য ২১ রান দরকার ছিল ডেকান চার্জার্সের। মাশরাফি বিন মুর্তজা দিয়েছিলেন ২৬। পরশুও প্রয়োজন ছিল ২১, মুম্বাই ইন্ডিয়ানস তুলল ২৩। এবারের ‘খলনায়ক’ লক্ষ্মীপতি বালাজি। সেবার শেষ বলে ছয় মেরেছিলেন রোহিত শর্মা, পরশু অম্বাতি রাইডু।তবে দুই বছর আগের সঙ্গে পার্থক্য, সেবার সেমিফাইনাল খেলা হয়নি। এবার শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছিল এই ম্যাচের আগেই। মুম্বাইকে হারাতে পারলে ফাইনালে ওঠার জন্য একটা বাড়তি সুবিধা পাওয়া যেত। তবুও সান্ত্বনা, ফাইনালে ওঠার সুযোগ শেষ হয়ে যায়নি। প্রথম তিন আসরে তো শেষ চারের চেহারাই দেখা হয়নি! বাংলাদেশের সমর্থকেরা দাবি করতে পারেন সাকিব আল হাসানের ছোঁয়াতেই বদলে গেছে কলকাতা! আগের ৫ ম্যাচে ৯ উইকেট পেয়েছিলেন সাকিব, পরশু উইকেট না পেলেও ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৬।ফাইনালে ওঠার লড়াই শুরু হয়ে যাচ্ছে আজই। কোয়ালিফায়ার ১-এ গ্রুপ পর্বের শীর্ষ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে দুই নম্বর দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে। কাল এলিমিনেটরে আবার মুখোমুখি হবে মুম্বাই-কলকাতা। এই ম্যাচের জয়ী দল শুক্রবার কোয়ালিফায়ার ২-এ খেলবে আজকের পরাজিত দলের বিপক্ষে।