বেঙ্গালুরু হারাল দিল্লিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি-দুটি নয়, যুবরাজের ৬৮ রানের ইনিংসে ছিল নয়টি ছক্কা
একটি-দুটি নয়, যুবরাজের ৬৮ রানের ইনিংসে ছিল নয়টি ছক্কা

এবার আইপিএলে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান তলানিতে। তবুও জয়ের প্রত্যাশা থাকে সব দলেরই। ঘরের মাঠে আজ দিল্লিকে ১৬ রানে হারিয়ে আপাত জয়ের তেষ্টা মেটাল বেঙ্গালুরু। 

বেঙ্গালুরুর দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ছন্নছাড়া দিল্লি। ১০ রানে নেই ২ উইকেট। এরপর অবশ্য আগারওয়াল (৩১), পিটারসেন  (৩৩) দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন। তবে দিল্লিকে জয়ের স্বপ্ন দেখান মূলত জেপি ডুমিনি। প্রোটিয়া ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩০ বলে ৪৮ রান। শেষ দিকে অবশ্য কেদার যাদবও খানিকটা চেষ্টা চালান। কিন্তু সবই ব্যর্থ! রান আউট হয়ে ফেরার আগে যাদব করেন ২০ বলে ৩৭। শেষমেশ দিল্লির ইনিংস থামে ১৭০-এ। হারতে হয় ১৬ রানে।         

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮৬ তোলে বেঙ্গালুরু। যথারীতি আজও খোলসবন্দী ছিলেন ক্রিস গেইল। শুকলার বলে ফেরার আগে করেন ২৩ বলে ২২। রান পাননি বিরাট কোহলিও। মাত্র ১০ করে রান আউটে কাটা পড়েছেন বেঙ্গালুরু অধিনায়ক। তবে ব্যাট কথা বলেছে যুবরাজের। ২৯ বলে অপরাজিত ৬৮ রানের বিস্ফোরক ইনিংসটি সাজিয়েছিলেন ১টি চার ও ৯টি ছক্কায়। নিজেদের আগের ম্যাচে ব্যাট হাতে ৮৩ ও বল হাতে ৪ উইকেট পেয়েও হারার ঝাল ভালোই মিটিয়েছেন আজ। শুকলার করা শেষ ওভারেই চার ছক্কায় তুলছেন ২৭। স্বল্প সময়ের জন্য ঝড় তুলেছিলেন এবি ডি ভিলিয়ার্সও, করেন ১৭ বলে ৩৩।