বেঙ্গালুরুকে হারালেন গিলক্রিস্ট

৫৪ বলে অপরাজিত ৮৫ রান—১০ চার, তিন ছয়। চোখ ধাঁধানো এক ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিলেন অ্যাডাম গিলক্রিস্ট।
গিলক্রিস্টের ব্যাটে চড়ে আজ আইপিএলের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৪ রান তুলেছিল বেঙ্গালুরু। জবাবে ইনিংসের ১১ বল বাকি থাকতে মাত্র তিনটি উইকেট হারিয়ে জয়ের দেখা পায় পাঞ্জাব।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় বেঙ্গালুরু। তবে দ্বিতীয় উইকেটে দলীয় সংগ্রহে ১৩৬ রান যোগ করেন ক্রিস গেইল ও বিরাট কোহলি। ৫৩ বলে ৭৭ রান করেন গেইল। ক্যারিবীয় এই বিধ্বংসী ব্যাটসম্যানের ইনিংসটি সাজানো ছিল চারটি চার ও ছয়টি ছয় দিয়ে। ৪৩ বলে অধিনায়ক কোহলির সংগ্রহ ৫৭ রান। পাঞ্জাবের হয়ে পারবিন্দর আওয়ানা তিনটি ও আজহার মাহমুদ দুটি উইকেট নেন।
বেঙ্গালুরুর ইনিংসের সঙ্গে দারুণ মিল ছিল পাঞ্জাবের—শুরুতে উইকেটের পতন, এরপর দ্বিতীয় উইকেটে দারুণ সংগ্রহ। দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। তবে দ্বিতীয় উইকেটে ১১৮ রান যোগ করেন অধিনায়ক গিলক্রিস্ট ও আজহার মাহমুদ। ৪১ বলে ৬১ রান করে আউট হন আজহার। তবে গিলক্রিস্ট ফেরেন দলকে দারুণ জয় এনে দিয়ে। সূত্র: ক্রিকইনফো।