বেঙ্গালুরুকে হেসেখেলে হারাল রাজস্থান
শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএলের আজকের ম্যাচের শুরুর দিকে বেঙ্গালুরুর ব্যাট দেখে ভিড়মি খাওয়ার জোগাড়! ২.২ ওভারে ৫ রানে ৪ উইকেট নেই বিরাট কোহলির দলের! আইপিএলে সর্বনিম্ন রানের রেকর্ড প্রায় করেই বসেছিল বেঙ্গালুরু। কোনোমতো রক্ষা! ৭০ রানে অলআউট হওয়ায় আইপিএলের সর্বনিম্ন রানের তালিকায় তিন নম্বরে জায়গা পেয়েছে বেঙ্গালুরু। এমন রানের পর যা হয়, রাজস্থান ৪২ বল বাকি থাকতেই ৬ উইকেটে হারিয়েছে কোহলির দলকে।
বেঙ্গালুরুর দেওয়া ৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে সহজেই জয়ের দেখা পায় রাজস্থান। সর্বোচ্চ ২৪ আসে রাজস্থান অধিনায়ক শেন ওয়াটসনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ আসে অজিঙ্কা রাহানের ব্যাট থেকে।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান বোলারদের তোপে লন্ডভন্ড হয়ে যায় বেঙ্গালুরুর ব্যাটিং লাইন-আপ। সর্বোচ্চ ২১ আসে কোহলির ব্যাট থেকে। বেঙ্গালুরুর ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দেন প্রবিন টাম্বে। নিয়েছেন ২০ রানে ৪ উইকেট। ম্যাচসেরা রাজস্থানের এ ডানহাতি স্পিনার।