বেঙ্গালুরুবাসীর জন্য ভারত-ইংল্যান্ড ম্যাচ ‘নিষিদ্ধ’!
শিরোনাম শুনেই ভাবছেন, নিশ্চয়ই বেঙ্গালুরুবাসী এমন কিছু করেছে যার জন্য খেলা দেখাটাই তাদের জন্য নিষিদ্ধ। কিন্তু না, ব্যাপার কিছুই নয়, একটি ক্রিকেট ম্যাচের টিকিট জোগাড় করতে গিয়ে পুলিশের বেধড়ক পিটুনি খেতে হয়েছে বেঙ্গালুরুবাসীকে। রোববারের ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ‘হাইভোল্টেজ’ ম্যাচ প্রথমে হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনে। কিন্তু ভেন্যু প্রস্তুত না হওয়ায় সেটি আইসিসির নির্দেশে পরিবর্তিত ভেন্যু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সরে এসেছে। হঠাত্ হাতে চাঁদ পাওয়ায় এই ম্যাচ উপভোগের জন্য মরিয়া হয়ে উঠেছে অগুনতি ক্রিকেটপ্রেমী।খেলা দেখব বললেই তো আর দেখা যায় না। পঞ্চাশ হাজার দর্শকের ধারণক্ষমতার চিন্নাস্বামী স্টেডিয়ামে সাধারণ দর্শকের জন্য টিকিট ছাড়া হয়েছে মাত্র সাত হাজার। বেঙ্গালুরু শহরের জনসংখ্যার অনুপাতে নিতান্তই অবাস্তব এই সংখ্যার কারণে ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ এখন সর্বত্র। এই ক্ষোভ আরও উসকে দিয়েছে টিকিট বিক্রির প্রথম দিন টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের ওপর ‘শৃঙ্খলা’ রক্ষায় নিয়োজিত পুলিশের বেধড়ক লাঠিপেটা। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। ‘টিকিট নিয়ে এমন অব্যবস্থাপনা সত্যিই আপত্তিকর।’ লরগাত যতই এসব বলুন না কেন, চিন্নাস্বামী স্টেডিয়ামের টিকিট নিয়ে এই অব্যবস্থাপনার দায় কিন্তু আইসিসিরও কম নয়। অভিযোগ উঠেছে, এই চরম অব্যবস্থাপনার জন্য দায়ী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ার। যিনি আইসিসির বর্তমান সভাপতিও বটে।শারদ পাওয়ারের দিকে যখন অভিযোগের তীর, আইসিসির তখন ‘কুল রাখি না শ্যাম রাখি’ অবস্থা। শেষ পর্যন্ত লজ্জা-শরমের মাথা খেয়ে এই আইসিসিই পুরো ব্যাপারটির দায়ভার চাপিয়ে দিয়েছে খোদ সভাপতির কাঁধেই। বিশ্বের একটি জনপ্রিয় খেলার সর্বোচ্চ সংস্থার জন্য এর চেয়ে লজ্জার বিষয় আর কী হতে পারে?লরগাত গতকাল বেঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে মিনমিনে গলায় বলেও ফেলেছেন, ‘প্রায় কোটি জনসংখ্যার একটি শহরে অনুষ্ঠিত কোনো ম্যাচে সাধারণ মানুষের জন্য যদি মাত্র সাত হাজার টিকিট ছাড়া হয়, তাহলে আর কিই বা করার থাকে।’ লরগাতরা যে কিছু করতে পারবেন না, এটি বেঙ্গালুরুবাসী খুব ভালোমতোই জানে। আর জানে বলেই ইংল্যান্ডের বিপক্ষে ভারতের এই জিভে জল আনা ম্যাচটি প্রাণভরে উপভোগের জন্য তাঁদের সবচেয়ে বড় ভরসা টেলিভিশন সম্প্রচার। ওয়েবসাইট।