বেঙ্গালুরুর জয়ের জন্য দরকার ১৫৩ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের প্রথম চার ম্যাচে জয়ের দেখা পায়নি দিল্লি ডেয়ারডেভিলস। আজ নিজেদের পঞ্চম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে মাহেলা জয়াবর্ধনের দল। প্রথমে ব্যাটিং করে জয়ের জন্য বেঙ্গালুরুকে ১৫৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে দিল্লি। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রানের ইনিংসটি এসেছে কেদার যাদবের ব্যাট থেকে।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল দিল্লি ডেয়ারডেভিলস। উদ্বোধনী জুটিতেই ৪৩ রান যোগ করেছিলেন ডেভিড ওয়ার্নার ও বীরেন্দর শেবাগ। কিন্তু টানা দুই ওভারে এই দুই ওপেনারই ফেরেন সাজঘরে। শেবাগ ২৫ ও ওয়ার্নার ১৫ রান করেন। এরপর রানের গতি কমে যায় দিল্লির। ১১তম ওভারে মানপ্রিত জুনেজা যখন দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হলেন তখন দলের সংগ্রহ ছিল ৭৩ রান। পঞ্চম উইকেটে ৩১ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন মাহেলা জয়াবর্ধনে ও কেদার যাদব। কিন্তু ১৮তম ওভারের শেষ বলে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় জয়াবর্ধনেকে। ২৮ রান করে আউট হন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যান। শেষপর্যায়ে কেদার যাদবের ২৯ ও ইরফান পাঠানের ১৯ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৫২ রান জমা করে দিল্লি।