বেঙ্গালুরুর নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ গেমসে নিরাপত্তা আর আবাসন সমস্যা নিয়ে বয়ে যাওয়া ঝড় এখন অনেকটাই শান্ত। তবে এবার ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুতে আগামী ৯ অক্টোবর ভারতীয় দলের সঙ্গে দ্বিতীয় টেস্টে অংশ নেওয়ার কথা রিকি পন্টিংদের। তবে এখানকার নিরাপত্তা নিয়ে সংশয়ে রয়েছে সফরকারীরা।ভারতীয় ক্রিকেট বোর্ড সেক্রেটারির কাছে পাঠানো ই-মেইলে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাউদারল্যান্ড জানান, বেঙ্গালুরুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনো বেশি কিছু অবগত নয় অস্ট্রেলিয়া। নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে ভারতীয় বোর্ডকে পরামর্শ দিয়েছেন সাউদারল্যান্ড।গত শুক্রবার পাঠানো ওই ই-মেইলে জানানো হয়, এ সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার পাঠানো নিরাপত্তা দল ভারতের অন্য ভেন্যুগুলোর নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। তবে বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বিষয়ে তাদের বিস্তারিত জানানো হয়নি।ভেন্যুর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ডেপুটি কমিশানার জি রামেশ ক্রিকইনফোর কাছে স্বীকার করেছেন, নিরাপত্তা নিয়ে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। তবে তিনি বলেন, ‘আগামী ৯ অক্টোবর ম্যাচটি শুরু হবে, তাই হাতে অনেক সময় রয়েছে। তাঁরা এখানে এলে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’