বেচারা এরতেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরতেকের এই ট্যাকলেই বিশ্বকাপ-স্বপ্ন ফিকে হয়ে গেল রাদামেল ফ্যালকাওয়ের   ওয়েবসাইট
এরতেকের এই ট্যাকলেই বিশ্বকাপ-স্বপ্ন ফিকে হয়ে গেল রাদামেল ফ্যালকাওয়ের ওয়েবসাইট

একটু পরেই ক্লাস আছে সোনার এরতেকের। কিন্তু মেজাজটা প্রচণ্ড খিঁচড়ে আছে ফরাসি স্কুলশিক্ষকের। যেখানেই যাচ্ছেন, শুনতে হচ্ছে একই কথা, ‘আপনি কাজটা কীভাবে করতে পারলেন?’ যারা মুখে কিছু বলছে না, তারা যেন পারলে চোখের আগুন দিয়ে ভস্ম করে দেয়! বাড়ি ফেরার পর বিরক্তিটা রূপ নিল ভয়ে। ফেসবুক খুলে দেখলেন একগাদা বন্ধু হওয়ার অনুরোধ এসেছে। সবাই কলম্বিয়ান। তাদের কেউ কেউ তো হুমকিই দিয়ে রেখেছে, ‘দেখে নেওয়া হবে তোমাকে।’
কী করেছেন এরতেক? ভদ্রলোকের কাজ পড়ানো, ফুটবল খেলাটা নেশা। খেলেন চতুর্থ বিভাগের অপেশাদার ক্লাব শাসালেইতে। মোনাকোর সঙ্গে যখন ফ্রেঞ্চ ক্লাবে খেলার সুযোগ পেয়েছিলেন, তখন নিশ্চয়ই আপ্লুত হয়েছিলেন। ফ্যালকাওদের মতো খেলোয়াড়দের বিপক্ষে খেলার সুযোগ তো আর সব সময় আসে না। কিন্তু সেই খেলাতেই এমন একটা অঘটন বাধাবেন, কীভাবে তা ভাববেন! রাদামেল ফ্যালকাওয়ের বিশ্বকাপে খেলতে না পারায় তিনিই তো আসামির কাঠগড়ায়।
ঘটনাটা গত দুই দিন আগে ফ্রেঞ্চ কাপের মোনাকো-শাসালেই ম্যাচে। এরতেকের একটা ট্যাকলে বাঁ হাঁঁটুতে গুরুতর আঘাত পান ফ্যালকাও। স্ট্রেচারে করে যখন মাঠ ছাড়ছিলেন, তখন হাত দিয়ে ঢেকে রেখেছিলেন মুখ। চোটের অব্যক্ত বেদনাতেই, নাকি পরিণতিটা তখনই বুঝে ফেলেছিলেন তিনি?
লম্বা সময়ের জন্য যে মাঠের বাইরে চলে যেতে হবে, সেটি বোঝা গিয়েছিল তখনই। তা যে বিশ্বকাপ ছাড়িয়ে যাবে, সেটি বলেই দিয়েছেন ফ্রান্স জাতীয় দলের সাবেক চিকিৎসক জাঁ পিয়েরে প্যাকলে, ‘ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে। অস্ত্রোপচার যদি করতে হয়, তাহলে ছয় মাস আগে ওর ফেরার সম্ভাবনা নেই। তার মানে সে বিশ্বকাপে খেলতে পারছে না।’ অস্ত্রোপচার যে করতেই হচ্ছে, সেটি জানিয়ে দিয়েছে মোনাকো। তবে সম্ভাব্য কত দিন বাইরে থাকতে পারে, সে ব্যাপারে কিছু বলা হয়নি।
বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে আইভরি কোস্ট, গ্রিস, জাপানের সঙ্গে এক গ্রুপে পড়েছে কলম্বিয়া। বাছাইপর্বে দারুণ খেলেই এসেছে বিশ্বকাপে, নিশ্চয়ই স্বপ্নও দেখছিল অনেক দূর যাওয়ার। দলের প্রধান স্ট্রাইকার না থাকায় সেই স্বপ্ন এখন অনেকটাই বিবর্ণ। ফ্যালকাওয়ের ব্যক্তিগত দুঃখটা তো আর বলে বোঝানোর নয়। গত কয়েক বছর দুর্দান্ত খেলছেন, জীবনের প্রথম বিশ্বকাপ নিয়ে নিশ্চয়ই স্বপ্নের জাল বুনেছিলেন। তা এখন ভেঙে খান খান।
অঘটনটা যাঁর কারণে, সেই এরতেক নিজেও খানিকটা মুষড়ে পড়েছেন, ‘আমি এখনো কাটাতে পারছি না। আমি আবারও বলছি, আমি আসলেই মোনাকো ও ফ্যালকাওয়ের জন্য দুঃখিত।’ জানিয়েছেন নিজের বিপদের কথাও, ‘এখন তো আমার জন্যও ব্যাপারটা জটিল হয়ে দাঁড়াল। বুধবার থেকে কলম্বিয়া ফেসবুকে অনেকগুলো বন্ধু হওয়ার অনুরোধ এসেছে। আমি আমার ফেসবুক পেজটা বন্ধ করে দিয়েছি। আমার নামে টুইটারে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে যা-তা লেখা হচ্ছে। আমি এসবের শেষ চাই।’
শাসালেই ক্লাবের সভাপতি জকেলিন ফন্টানেল অবশ্য এরতেকের কোনো দোষ দেখছেন না, ‘মাঠে দুর্ঘটনা হতেই পারে। সোনার এটা ইচ্ছা করে করেনি। আমরা এ রকম মারদাঙ্গা দল নই। অথচ এখন ইন্টারনেটে ওকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। বুঝতে পারছি না, এসব কতটুকু সিরিয়াসলি নেওয়া উচিত।’
কিন্তু কলম্বিয়ানদের ক্ষোভ তো আর তাতে প্রশমিত হয় না। ১৬ বছর বিশ্বকাপ চূড়ান্ত পর্বে আর সেটিতেই এমন দলের প্রাণভোমরা হারিয়ে গেল আগেই। এই দুঃখ রাখার জায়গা কই! এএফপি ।