বেছে নিন বিশ্বকাপের সেরা একাদশ
দুই মাসও নেই বিশ্বকাপ শুরু হতে। ক্রিকেট অনুরাগীদের অপেক্ষা এখন ১৪ ফেব্রুয়ারির জন্য। বিশ্ব ভালোবাসা দিবসেই যে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেট মহাযজ্ঞের। বিশ্বকাপ ক্রিকেটের সঙ্গে নিজেদের পুরোনো সম্পর্কটা ঝালিয়ে নেওয়ার সুযোগ অবশ্য এখনই পেয়ে গেলেন ক্রিকেটমনস্ক মানুষ। বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ বাছাই করার দায়িত্ব তাঁদের কাঁধেই চাপিয়ে দিয়েছে আইসিসি। ১৯৭৫ থেকে ২০১১ পর্যন্ত ১০টি বিশ্বকাপ থেকেই বেছে নিতে হবে সেরা ১১।
প্রাথমিক বাছাইটা অবশ্য আইসিসিই করে দিয়েছে। নিজেদের ওয়েবসাইটে বাছাই করা শ খানেক ক্রিকেটারের বিশ্বকাপ রেকর্ড ও তাঁদের অবদান লেখা আছে। একাদশ বাছাই করার সময় কমপক্ষে দুজন করে ব্যাটসম্যান ও বোলার এবং একজন করে অলরাউন্ডার ও উইকেটকিপার নিতে হবে। http://www.icc-cricket.com/cricket-world-cup/greatest-xi এই ঠিকানায় ঢুকে দিতে হবে ভোট।
ভোট দেওয়ার পর টুইটার, ফেসবুকে শেয়ার দিলে পুরস্কারও জুটতে পারে ভক্তদের। সাবেক খেলোয়াড়েরাও বেছে নিতে পারেন সেরা একাদশ। প্রথম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন করেও ফেলেছেন কাজটা। হেইডেনের একাদশে আছেন-গিলক্রিস্ট, শেবাগ, পন্টিং (অধিনায়ক), টেন্ডুলকার, লারা, ক্যালিস, ওয়ার্ন, আকরাম, ইউনিস, মুরালিধরন ও ম্যাকগ্রা। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।