বেজে উঠছে বিদায়ের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবরি লামুশি
সাবরি লামুশি

চার বছর পর পর আসে সময়টা। বিশ্বকাপে দেখা মেলে কোচদের বিদায়ী মিছিলের। বরখাস্ত হওয়ার ঘটনা তো আছেই, নিজ থেকে সরে দাঁড়ানোর ঘটনাও কিন্তু কম নয়। কেউ অশ্রুসিক্ত নয়নে বিদায়ী বার্তা দেন, কেউ বা রাগ-ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে পর্দা টানেন। কেউ কেউ ব্যর্থতার সব দায়ভার কাঁধে নিয়ে সরে দাঁড়ান। আবারও বেজে উঠেছে বিদায় রাগিণী। ইতালি ও আইভরিকোস্ট কোচ ইতিমধ্যে পদত্যাগ করেছেন। বসনিয়া কোচও ইঙ্গিত দিয়েছেন পদত্যাগের।

সিজারে প্রানদেল্লি
সিজারে প্রানদেল্লি

টানা দ্বিতীয়বারের মতো প্রথম রাউন্ড থেকে বিদায় নিল আজ্জুরিরা। ইতালি কোচ সিজারে প্রানদেল্লির পদত্যাগের সিদ্ধান্ত তাই স্বাভাবিক। কোচ বলেছেন, ‘আমি ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি এবং পদত্যাগ করেছি। আমার কৌশলগত সিদ্ধান্তগুলো মার খেয়েছে। এর পুরো দায়ভারই আমার।’ প্রানদেল্লির অধীনেই ইতালি ২০১২ ইউরোর ফাইনাল খেলেছে। কনফেডারেশনস কাপে হয়েছে তৃতীয়। তবে বিশ্বকাপ মঞ্চে ব্যর্থতা যে ম্লান করে দিয়েছে সব সাফল্যই!

সাফেত সুসিচ
সাফেত সুসিচ

আইভরিকোস্টের কোচ সাবরি লামুশিও হেঁটেছেন প্রাণদেল্লির পথেই। দ্রগবা, কালু, তোরে ভাইদের দলটিকে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারাটা অমার্জনীয় ব্যর্থতাই। তবে তাঁর চেষ্টার যে কমতি ছিল না, সেটা জানাতে ভুললেন না, ‘গত বছর আফ্রিকান কাপে দল ভালো করেনি। ব্যর্থ হয়েছে বিশ্বকাপেও। তবে দুই বছর ধরে আমি আমার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছি। দুর্ভাগ্য, আইভরিকোস্টের সঙ্গে আমার গল্প এই সন্ধ্যাতেই শেষ হয়ে গেল।’
প্রথম দুটি ম্যাচে হেরেই বসনিয়া বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে। তবে স্বাধীনতা লাভের ২২ বছরের মাথায় প্রথমবারের মতো বসনিয়াকে বিশ্বকাপের মূল পর্বে ওঠানোয় পুরো নম্বরই পাবেন তিনি। বসনিয়ার কোচ সাফেত সুসিচ এখনো পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেননি। কিন্তু বিচ্ছেদের সময় যে চলে এসেছে, তা আড়াল করলেন না সুসিচ, ‘এই দলটাকে বিদায় জানানো খুবই কঠিন হবে আমার জন্য। তার পরও আগামী ১০ দিনের মধ্যেই আমি আমার সিদ্ধান্ত জানাব।’ এএফপি, গোলডটকম৷