বেঞ্চেও বসে থাকতে রাজি তেভেজ
বিশ্বকাপটা কার্লোস তেভেজের জন্য আক্ষেপেরই প্রতিশব্দ হয়ে আছে। এবং সেটা সেই ১৭ বছর বয়স থেকেই।অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলতে সেই ২০০১ সালে ত্রিনিদাদ ও টোবাগোতে গিয়েছিলেন। আর্জেন্টিনার তরুণ দলটি সেমিফাইনালেও উঠেছিল। তেভেজের গোলেই ফ্রান্সের বিপক্ষে এগিয়ে গিয়েছিল দল। কিন্তু শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে আর ফাইনালে ওঠা হয়নি।এ তো গেল যুব বিশ্বকাপের কথা। আর ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টাইব্রেকে বিদায় নেওয়ার দুঃখ তো এখনো সবার বুকে বাজে বেহালার করুণ রাগ হয়ে।২০১০ বিশ্বকাপ কি তেভেজের জন্য নতুন আরেকটি আক্ষেপের অধ্যায়? নাকি দুঃখ মোচনের উপলক্ষ! ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার দ্বিতীয়টির দিকেই ইঙ্গিত করছেন। বলছেন, এবার আর্জেন্টিনার শিরোপা জয়ের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত। এমনকি এর জন্য যদি বেঞ্চেও বসে থাকতে হয়, তিনি মোটেও আপত্তি করবেন না!ক্লাব মৌসুমে সিটির হয়ে এবার ৪০ ম্যাচে করেছেন ২৯ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। তার পরও এই ২৬ বছর বয়সী নিশ্চিত নন, ডিয়েগো ম্যারাডোনার প্রথম একাদশে ঠাঁই পাবেন কি না! কারণ, ফর্মের দিক দিয়ে তেভেজের চেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি আর গঞ্জালো হিগুয়েইন। অবিশ্বাস্য একটা মৌসুম কাটাতে থাকা মেসি ৫২ ম্যাচে করেছেন ৪৫ গোল। হিগুয়েইনের গোল তেভেজের সমানই। কিন্তু ২৯ গোলের ২৭টিই রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার করেছেন স্প্যানিশ লিগে, সেটিও মাত্র ৩১ ম্যাচে।তেভেজকে পিছিয়ে রাখছে আন্তর্জাতিক ম্যাচে তাঁর বাজে রেকর্ড। আর্জেন্টিনার ঝঞ্ঝা-ক্ষুব্ধ বাছাইপর্বে মোটে একটি মাত্র গোল করেছেন। সব মিলে জাতীয় দলের ছয় বছরের ক্যারিয়ারে ৫১ ম্যাচে মাত্র ৮ গোল তাঁর।তবে তেভেজের কথা শুনে মনে হচ্ছে না, এসব রেকর্ড-পরিসংখ্যান নিয়ে তিনি মোটেও চিন্তিত, ‘বরাবরের মতো আমার একমাত্র লক্ষ্য হলো জাতীয় দলকে সাহায্য করা। ম্যারাডোনা যদি মনে করেন, দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড়েরা যখন ক্লান্ত থাকবে, তখন নামলেই সবচেয়ে বেশি কাজে দেবে, আমি সেটাই করব।’তেভেজের দৃঢ় বিশ্বাস, ম্যারাডোনার সামর্থ্য নিয়ে সবাই যতই সংশয় প্রকাশ করুক, এবার আর্জেন্টিনার পক্ষে ভালো কিছু করা অবশ্যই সম্ভব। তেভেজ নিজেও মুখিয়ে আছেন গত বিশ্বকাপের বদলা নিতে, ‘আমি সব সময়ই জাতীয় দলের হয়ে খেলতে চেয়েছি। আর জার্মানি বিশ্বকাপের পর তো আমি প্রতিশোধই নিতে চাই। ওই বিশ্বকাপে আমাদের আরও বেশি দূর যাওয়া উচিত ছিল। সেটি হয়নি, তবে এবার আমরা অনেক দূরই যাব।’নিজেদের অবশ্য ফেবারিট হিসেবে মানতে চাইলেন না তেভেজ, ‘নিজেদের আমরা ফেবারিট মনে করি না। সেটা আমি স্পেন আর ব্রাজিলকেই বলব। আমাদের এখনো অনেক উন্নতি করতে হবে। এবং আমার ধারণা, আমরা সেই উন্নতি করতে যাচ্ছি।’ রয়টার্স।