বেড়েছে শুধুই বিভক্তি আর কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট নিয়ে মাতামাতি চলে সারা বছরই। কিন্তু কেমন আছে অন্য খেলাগুলো? এই খোঁজখবর নিতেই শুরু হলো নতুন ধারাবাহিক। জনপ্রিয় বা আন্তর্জাতিক পর্যায়ে বলার মতো সাফল্য আছে—এমন খেলাগুলোর বর্তমান পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে লিখছেন খেলাটিরই কোনো এক তারকা খেলোয়াড়। এই ধারাবাহিকে আজ থাকছে হকি
হকি
হকি

ডিজিটাল বাংলাদেশ’, ‘আশার বাংলাদেশ’, ‘সম্ভাবনার বাংলাদেশ’—এমন কত স্বপ্নই চোখে ভাসে। কিন্তু হকির কথা মনে এলেই চুপসে যাই। খেলাটা নিয়মিত মাঠে না থাকায় বুকের ভেতরটা দুমড়ে-মুচড়ে একাকার।

মুসা মিয়া
মুসা মিয়া
২৫ বছর ধরে ঢাকার শীর্ষ লিগে খেলছেন। জাতীয় দলের জার্সি পরেছেন ১৯৯৪-২০০৯ পর্যন্ত। হকির আলোচিত তিন ভাইয়ের বড়জন জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন

হতাশা বলুন বা আক্ষেপ, তা দিন দিন বেড়েই চলছে। ১৯৮৫ সালে ঢাকায় ঝড়তোলা সেই এশিয়া কাপ টিভিতে দেখেছিলাম। আমার নয়-দশ বছরের কিশোর মনে হকির বীজ রোপিত হয় তখনই। হকির তখন জোয়ার, তার ওপর হকির উর্বর ভূমি ফরিদপুরে আমার জন্ম। বাসার সামনেই হকির সূতিকাগার হালিমা গার্লস স্কুলের মাঠে হারুন ভাইদের খেলা দেখতাম। তখন বল, স্টিক ছিল কম। একটা বল পাওয়াই যে কী আনন্দে ভাসিয়ে দিত!

সেই আমি দ্রুত উঠে এলাম। ১৯৯০ সালে ঢাকার শীর্ষ হকি লিগে খেলা শুরু। দেখতে দেখতে ২৫ বছর কেটে গেল। আমি মুসা মিয়া খেলাটার সঙ্গে আজও আছি। আমার এক বছর পর শুরু করা ইসা মিয়া মানে আমার ছোট ভাইও এখনো খেলে। সমকালীন অন্য সবাই খেলা ছেড়েছে সেই কবেই। এমনকি আমাদের আরেক ভাই ইয়ামিনও হকিকে বিদায় বলেছে অনেক দিন হলো। আমরা তিন ভাই একসঙ্গে জাতীয় দলে খেলেছি। কত স্মৃতি!

কিন্তু একটা জিনিস আজও বদলায়নি। আজও আমরা লিগ খেলতে যেন চাতক পাখির মতো চেয়ে থাকি। গত ১০-১২ বছরে লিগ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ২৫ বছরে সম্ভবত ১৫-১৬টি লিগ পেয়েছি। এখন কবে লিগ, কবে দলবদল, কেউ জানে না।

মনে পড়ছে সেই সময়টা। দলবদলের সময় আগে ঢাকা থেকে আবাহনী, মোহামেডান, ঊষার কর্মকর্তারা ফরিদপুরে আমাদের বাড়ি পর্যন্ত টাকা নিয়ে হানা দিত। এখন এসব ভাবাই যায় না। খেলোয়াড়েরা অপাঙ্‌ক্তেয়ই হয়ে পড়েছে। শেষ মুহূর্তে হয়তো কেউ বলল, ‘পেটে-ভাতে চাইলে খেলতে পারো।’ হায় রে, এই যুগে পেটে-ভাতে খেলা!  যাদের এক-দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, তারাও সবাই পুরো টাকা পায় না।

ক্লাব আর সংগঠকদের দ্বন্দ্বে হকি আজ ধ্বংস হওয়ার পথে। এত বছরে হকিতে ‘উন্নতি’ বলতে কিছু যদি হয়ে থাকে, সেটি কর্মকর্তাদের কোন্দল! ফেডারেশন সেক্রেটারি রহমত ভাইয়ের অপসারণ চেয়ে মোহামেডানের নেতৃত্বে গোটা চারেক ক্লাব গতবার লিগ খেলেনি। তবু গতবার লিগ হয়েছে।

বিবর্ণ লিগ খেলে লাভ নেই, এমন যুক্তি দেখিয়ে এবার আবাহনী-ঊষাও খেলবে না বলছে। লিগ তো এমনিতেই আকর্ষণহীন। অথচ একটা ক্লাব ভেটো দিলেই খেলা বন্ধ করে বসে থাকে ফেডারেশন। এটা কী ধরনের ফেডারেশন বুঝি না।

চেয়ারে যাঁরা বসে আছেন, পথ বের করার দায়িত্বও তাঁদের। রহমত ভাইকে বলব, সমস্যার সমাধান করুন। চেয়ারে থাকলে খেলা চালান, আমরা খেলতে চাই। না পারলে বা বেশির ভাগ দলই আপনাকে না চাইলে খেলোয়াড়দের স্বার্থে সরে যান। এতগুলো ছেলের জীবন নষ্ট হোক, আপনিও নিশ্চয়ই চাইবেন না।

আশ্চর্য লাগে, কর্মকর্তাদের কিছু বললেই খেলোয়াড়দের বহিষ্কার করে দেয়। উচ্ছৃঙ্খলতার অভিযোগ এনে যেমন করা হয়েছিল জিমিসহ চারজনকে। ভুক্তভোগী কিন্তু কর্তারা নন, জাতীয় দল। কর্তারা খারাপ করলেও কিছু বলা যাবে না। অথচ খেলোয়াড়দের সমস্যা নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই। লিগ না হলে কী আসে যায় কর্তাদের! গদি নিয়েই তাঁরা ব্যস্ত।

অনেক কাঠখড় পুড়িয়ে দলবদল যদিও হয়, কোনো ক্লাব ডাকে না খেলোয়াড়দের। হাতে-পায়ে ধরে খেলতে হয়। লিগের আয়োজন নামকাওয়াস্তে। আগে তিন-চার মাস ধরে ডাবল লিগ হতো। এখন ছোট্ট একটা লিগ এক মাসেই শেষ! সেটিও জৌলুশহীন।

খেলোয়াড়েরা সত্যিই মরে যাচ্ছে। বাহিনীর খেলোয়াড়দের লিগ খেলার বিধিনিষেধ এখন তুলে নেওয়ায় খেলোয়াড়দের চাহিদা কমেছে আরও। পুল, জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট করে হকির বারোটা অবশ্য বাজানো হয়েছে আগেই। এখন তো ফেডারেশন রেলিগেশনও তুলে দিয়েছে। অবনমনের ভয় না থাকলে ক্লাবগুলো ভালো টিম করবে কেন?

ভালো দল গড়তে মোহামেডান অনেক টাকা ঢেলেছিল। জিমিকে ৮-১০ লাখ টাকায় চুক্তিবদ্ধ করেছিল। কিন্তু ফেডারেশন কী একটা কারণে মোহামেডানের চার-পাঁচজন খেলোয়াড় সাসপেন্ড করে দিল। মোহামেডান খেললই না আর। ক্ষতিটা কার হয়েছে? বাংলাদেশের হকিরই।

টার্ফ দূরে থাক, ভালো কোনো হকি মাঠই নেই ঢাকার বাইরে। ফরিদপুর, রাজশাহী, চট্টগ্রাম, যশোর সবখানেই লিগ অনিয়মিত। ঘাসের মাঠেও নিয়মিত লিগ হলে অন্তত চর্চা থাকে। ঢাকায় প্রিমিয়ার লিগ নিয়েই যেখানে অনিশ্চয়তা, নিচের দিকের লিগের অবস্থাটা বুঝে নিন। যুব টুর্নামেন্ট, জাতীয় প্রতিযোগিতা সবই কমে গেছে। টুর্নামেন্ট হয়, সংবাদমাধ্যমে সেটি সেভাবে প্রচার হয় না। ফেডারেশনেরই দায়িত্ব সংবাদমাধ্যমকে আগ্রহী করে তোলা।

হকির উর্বর ভূমি ফরিদপুরে হকির বাতি এখনো নিবু নিবু জ্বলে। কিন্তু খেলা না থাকায় ছেলেরা বলে, ‘ভাই, এই খেলায় এসে কী লাভ?’ আগে জাতীয় দলে ফরিদপুরের সাতজন ছিলাম। আমরা তিন ভাই, হারুন ভাই, রুবেল, মিরাজ...। এখন শুধু চয়ন আর কৌশিক। অনেকে পাড়ি জমিয়েছে বিদেশে। খেলোয়াড়-সংকটে জাতীয় চ্যাম্পিয়নশিপে এবার বাইরের খেলোয়াড় নিয়ে দল গড়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর!

বিকেএসপিই যা একটু বাঁচিয়ে রেখেছে খেলাটা। জাতীয় দল এখন পুরোপুরিই বিকেএসপি-নির্ভর। ঘরোয়া খেলা না থাকায় সেই দলের অবস্থা ভীষণ নড়বড়ে। আগে আমরা এশিয়ার মধ্য অন্তত ছয় নম্বর হতাম, এখন আট-নয়। সবই নিম্নমুখী। সবকিছু ঊর্ধ্বমুখী করতে লিগটা হওয়া দরকার। আমাদের হকির অনেক সম্ভাবনা ছিল। কিন্তু এখন সেটি শুধু হতাশার নাম।

অনুলিখন: মাসুদ আলম

এখনই যা করতে হবে

১ কোন্দলে জড়িত দুই পক্ষকেই অবিলম্বে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে হবে। এটা হবে হকিকে বাঁচাতে সবার সম্মিলিত পদক্ষেপ।

২ নিয়মিত লিগ-টুর্নামেন্ট চাই। খেলোয়াড়দের খোঁজখবর নিতে হবে। খেলোয়াড়েরা না বাঁচলে কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না।

৩ ঢাকার বাইরে বেশি বেশি খেলা হওয়াটা জরুরি। সেই খেলা দেখে তবেই তো নবীনরা উৎসাহিত হবে। এখন যা কিছু হচ্ছে সবই ঢাকাকেন্দ্রিক।

৪ খেলা বাড়াতে হবে। যুব পর্যায়ে টুর্নামেন্ট হয় নকআউট ভিত্তিতে। এক ম্যাচ খেলেই বিদায় নেওয়ার ধারা থেকে বেরিয়ে আসতে হবে।

৫ স্কুল পর্যায়ে জোর দিতে হবে। নামমাত্র টুর্নামেন্ট করে কোনো লাভ নেই। কার্যকরভাবেই এগুলো করা উচিত।