বেতন আদায়ে বাফুফের দ্বারস্থ বুকোলা-এমেকারা
বেতন না পেয়ে দুই ম্যাচ তাঁরা মাঠে নামেননি। চেয়ে ছিলেন ক্লাবের দিকে। কিন্তু ক্লাব সাড়া না দেওয়ায় শেষমেশ বেতন আদায়ে বাফুফের দ্বারস্থ হলেন মোহামেডানের তিন নাইজেরিয়ান ফুটবলার বুকোলা ওলালেকান, এমেকা ক্রিশ্চিয়ানো ও ড্যামি ইমানুয়েল। কাল বাফুফেকে চিঠি দিয়েছেন তাঁরা। চিঠিতে স্বাক্ষর করেছেন তিনজনই। চিঠিতে বুকোলা-এমেকার অভিযোগ, ‘মোহামেডানের কাছ থেকে আমরা চার মাসের বেতন পাচ্ছি না’। ‘পাঁচ মাসের বেতন পাচ্ছি না’—অভিযোগ ড্যামির।বুকোলাদের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে বাফুফে। কাল রাতেই মোহামেডানকে চিঠি দিয়ে পুরো ব্যাপারটা জানতে চাওয়া হয়েছে। ৩-৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মোহামেডানের বক্তব্য জানার পরই বাফুফে সিদ্ধান্ত নেবে।ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়, বলা কঠিন। কেননা, মোহামেডানের পাল্টা অভিযোগ, এই খেলোয়াড়েরা শৃঙ্খলা মানেন না। তাঁদের নানা ‘কাণ্ডকীর্তি’র প্রমাণ ক্লাবের হাতে আছে। মোহামেডান অবশ্য বেতন বাকির বিষয়টা অস্বীকার করছে না। তবে বলছে, ৪ বা ৫ মাস নয়, মাস দুয়েক বাকি থাকতে পারে।