বেতন কমছে বুফনের !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মুহূর্তে অর্থ-কড়ি নিয়ে একেবারেই ভাবছেন না জুভেন্টাস ও ইতালির গোলরক্ষক জিয়ানলইজি বুফন। ভালোয় ভালোয় জুভেন্টাসের হয়েই ক্যারিয়ারটা শেষ করতে চান তিনি। সে কারণে আসন্ন মৌসুমে তাঁর জুভেন্টাস তাঁর বেতন কমিয়ে দিলেও তাতে খুব একটা আপত্তি নেই এই গোলরক্ষকের।খবরে প্রকাশ, বুফন নাকি যা বেতন পেতেন, তার চেয়ে আগামী মৌসুমে ২০ লাখ ইউরো কম নেবেন। এমনই একটি চুক্তি তিনি করতে যাচ্ছেন তাঁর ক্লাব জুভেন্টাসের সঙ্গে।৩৪ বছর বয়সী বুফন বেশ কয়েকবারই জানিয়েছেন, জুভেন্টাসের হয়েই ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। গত মৌসুমের শেষের দিকেই জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরু করেছিলেন তিনি। তবে আর কিছুদিনের মধ্যেই সেই আলোচনা পেতে যাচ্ছে চূড়ান্ত রূপ। ২০১৫ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে খেলার জন্য নতুন চুক্তি করতে যাচ্ছেন বুফন।ইতালির টুট্টোস্পোর্ট পত্রিকা জানিয়েছে, জুভেন্টাসের সঙ্গে বুফন যে নতুন চুক্তি করতে যাচ্ছেন, তাতে তাঁর বেতন ধরা হচ্ছে ৪০ লাখ ইউরো। যা গত মৌসুমের চেয়ে ২০ লাখ ইউরো কম। গত মৌসুমে বুফন বেতন পেতেন ৬০ লাখ ইউরো। অর্থনৈতিক মন্দার কারণে ইতালীয় সিরি ‘আ’র ক্লাবগুলো খরচ কাট-ছাঁট করার উদ্যোগ নিয়েছে। সে কারণে প্রায় সব ক্লাবই খেলোয়াড়দের বেতন কমিয়ে দিচ্ছে বলে জানা গেছে। জুভেন্টাস বর্তমানে সেই উদ্যোগেরই অনুসারী। ২০০১ সালে পারমা থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন জিয়ানলইজি বুফন। গত মৌসুমে সিরি ‘আ’ বিজয়ী জুভেন্টাসের হয়ে ৩৫টি ম্যাচে অংশ নিয়ে গোল খেয়েছেন ১৬টি। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ে অনন্য অবদান রাখেন তিনি। সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপে তাঁর অধিনায়কত্বে ইতালি ফাইনালে জায়গা করে নেয়। তবে শেষ হাসিটা হাসতে পারেননি বর্তমান সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষক।