বেতন কাটা হচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ একটা সময় যাচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটে। প্রথমে বাংলাদেশ ও পরে ভারতের সঙ্গে ধবল ধোলাই হয়ে সিরিজ হার। সব মিলিয়ে টানা ১১টি এক দিনের ম্যাচে পরাজয়ের বোঝা বড় ভারী হয়ে চেপেছে দেশটির ক্রিকেটের ঘাড়ে। অনেকেই বলছে, এত খারাপ সময় নাকি খুবই কম এসেছে নিউজিল্যান্ডের ক্রিকেটে। উপমহাদেশের মাটিতে আর মাত্র কয়দিন পরেই বিশ্বকাপ ক্রিকেট। এ মুহূর্তে দলের মনোবলের অবস্থা এতটাই করুণ যে বিশ্বকাপ ক্রিকেট নিয়েও ভাবনার সময় নেই নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের। দলে বড় কোনো পরিবর্তনের ব্যাপারটি সবার মাথায় থাকলেও এ মুহূর্তে বিশ্বকাপকে সামনে রেখে তাও করা সম্ভব নয়। সব মিলিয়ে অদ্ভুত একধরনের অস্থির পরিস্থিতি রীতিমতো কুড়ে খাচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটকে।এমন একটা সময়ে নিউজিল্যান্ডের ক্রিকেটকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে খেলোয়াড়দের বেতন কাটার মতো অপ্রিয় কাজ করতে হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেটকে। তারা বেতন কাঠামোকে সম্পূর্ণ পারফরম্যান্স-নির্ভর করার চিন্তাভাবনা করছে। ব্যাপারটি অনেকটা এমন যে ভালো খেললে টাকা, নয়তো বেতন কাটা। নিউজিল্যান্ডের ক্রিকেট খেলোয়াড়দের সংগঠন নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশনের (এনজেডসিপিএ) মহাব্যবস্থাপক কিথ মিলস ব্যাপারটি স্বীকার করে বলেছেন, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এখন থেকে পারফরম্যান্সের ভিত্তিতেই বেতন পাবে। কারও পারফরম্যান্স খারাপ হলে তাঁর বেতন কাটা হবে। ভালো হলে বোনাস নিয়ে তাঁর বেতন বেড়ে যাবে।বর্তমানে নিউজিল্যান্ডে ২০ জন ক্রিকেটারকে মাসপ্রতি ৭২ হাজার ডলার থেকে এক লাখ ৭২ হাজার ডলার পর্যন্ত বেতন দেওয়া হয়। নিউজিল্যান্ড ক্রিকেট খেলোয়াড়দের বেদন কাটার ব্যাপারটি বাস্তবায়ন করলে প্রতি খেলোয়াড়ের বেতন ছয় হাজার ডলার করে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।কিথ মিলস বলেন, বেতন কাটার ব্যাপারটি স্বাভাবিক নিয়মে অশোভন হলেও, এ মুহূর্তে খেলোয়াড়দের নিজেদের পারফরম্যান্স সম্পর্কে সচেতন করে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাঁদের বুঝতে হবে, ভালো পারফর্ম না করে মাসে মাসে বেশি বেতন গোনাটাও শোভনীয় নয়।কিথ মিলস মনে করেন, এ মুহূর্তে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচলন হওয়ায় খেলোয়াড়দের রোজগারের সুযোগ অনেকটাই বেড়ে গেছে। কিন্তু গত দুই-তিন মাসে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করেছে, তাতে পয়সা রোজগারের এই ক্রিকেটে তাঁদের সুযোগ কমে যেতে পারে। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এ মুহূর্তে নিজেদের পারফরম্যান্সের ব্যাপারে দারুণ অনুতপ্ত। কিথ মিলস জানিয়েছেন, অনেক খেলোয়াড়ই বলেছেন, তাঁরা নিউজিল্যান্ডকে লজ্জায় ফেলেছেন। ক্রিকেটভক্ত সাধারণ মানুষকে দুঃখ দিয়েছেন। এখন তাঁদের কিছুটা ফিরিয়ে দেওয়ার পালা। পিটিআই।