বেতন নেবেন না কাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলানের এই জার্সির প্রতি অগাধ ভালোবাসা কাকার। ছবি: রয়টার্স
মিলানের এই জার্সির প্রতি অগাধ ভালোবাসা কাকার। ছবি: রয়টার্স

এসি মিলানের প্রতি তাঁর কৃতজ্ঞতার শেষ নেই। রিয়াল মাদ্রিদে ব্রাত্য হয়ে থাকা কাকাকে তো এই মিলানই পরম আস্থায় ফিরিয়ে এনেছে। শুধু তা-ই নয়, ইতালিতে ফিরে দলেও ফিরেছেন কাকা। অবশ্য তুরিনোর বিপক্ষে গত ম্যাচের অভিজ্ঞতাটা সুখকর হয়নি। একে তো দল ২-২ গোলে ড্র করেছে, তার ওপর কাকা নিজেও পড়েছেন ইনজুরিতে। ঊরুর মাংসপেশিতে চোট পেয়ে এক মাসের জন্য দলের বাইরে ছিটকে গেছেন কাকা। তবে বসে বসে বেতন নেওয়ার কোনো ইচ্ছা নেই তাঁর। কৃতজ্ঞ কাকা মিলানকে অনুরোধ করেছেন, দলে না ফেরা পর্যন্ত বেতন দেওয়ার দরকার নেই তাঁকে!

৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান বলেছেন, ‘ক্লাব এবং চিকিত্সকদের সঙ্গে কথা হয়েছে বেশ কিছু ব্যাপারে। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছে, ভালো হয়ে খেলার জন্য পুরো ফিট না হওয়া পর্যন্ত মিলান থেকে ভালোবাসা আর সমর্থন ছাড়া কিছুই নেব না। এই সময়টার জন্য বেতন না নেওয়ার সিদ্ধান্তই নিয়েছি আমি।’

ক্লাব ফুটবলে খেলোয়াড়দের চোটে পড়া নতুন কিছু নয়। তবে সেই চোটে পড়ার কারণে স্বেচ্ছায় বেতন না নেওয়া অবশ্যই বিস্ময়কর এক খবর। ২০০৭ সালে মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন। সেই ঋণ এখনো শোধ করে যাচ্ছেন ক্লাবের সমর্থকেরা। কাকাকে ভালোবেসেই আবার বরণ করে নেওয়া হয়েছে। এই ভালোবাসায় আপ্লুত হয়েই আসলে ক্লাবের কাছ থেকে আপাতত টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাকা, ‘আমাকে বলতেই হবে, গত কয়েক দিনে আপনাদের যে সমর্থন আর ভালোবাসা আমি পেয়েছি, সেটা আমাকে ভীষণ নাড়া দিয়ে গেছে। এটা আমাকে দৃঢ়প্রতিজ্ঞও করেছে যত দ্রুত সম্ভব ফিরে আসার জন্য।’ সূত্র: আইএএনএস।