বেতন পাবেনজিমিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন থেকে তেমন কোনো আর্থিক সুবিধা দেওয়া হয় না—জাতীয় দলের হকি খেলোয়াড়দের দীর্ঘদিনের ক্ষোভ এটা। দলবদলের দাবিতে এ জন্য বারবার আন্দোলনে নামেন জিমি, বিপ্লব, চন্দনরা। তাঁদের জন্য কিছুটা হলেও ভালো খবর—খুব শিগগির জাতীয় দলের খেলোয়াড়দের বেতন-কাঠামোর আওতায় আনবে হকি ফেডারেশন।

আপাতত এশিয়া কাপ হকির অনুশীলন ক্যাম্পের তিন মাস বেতন দেওয়া হবে খেলোয়াড়দের। বেতনের অঙ্কটা প্রতি মাসে ১০-১৫ হাজার টাকা হচ্ছে। ৮ জুন ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এমন একটি সিদ্ধান্ত অনুমোদনের অপেক্ষায় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা কাল সে খবরই দিলেন, ‘জাতীয় দলের সব খেলোয়াড়ই বেতন-কাঠামোর আওতায় আসবে। প্রাথমিক মেয়াদকাল তিন মাস, তবে এশিয়া কাপের পর স্থায়ীভাবে বেতন দেওয়ারও পরিকল্পনা করা হচ্ছে। ৮ জুনের সভাতেই বিষয়টা অনুমোদনের সম্ভাবনা আছে।’ এশিয়া কাপের পারফরম্যান্সের পর বেতন আরও বাড়তে পারে বলেও জানালেন ওই কর্মকর্তা।

এটা শুনে জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির প্রতিক্রিয়া, ‘এমন সিদ্ধান্ত হলে সেটি হকির জন্য ভালো ফলই আনবে। নতুন প্রজন্ম হকিতে আগ্রহী হবে। খেলোয়াড়দের আন্দোলনে যেতে হবে না, উৎসাহ বাড়বে।’ সর্বশেষ অধিনায়ক জাহিদ হোসেন ও তরুণ স্ট্রাইকার পুস্কর খীসাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ওদিকে হকি খেলোয়াড়দের চলমান আন্দোলন নানা দিকে মোড় নিচ্ছে। পরশু ফেডারেশনের জরুরি সভায় সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী খেলোয়াড়দের এশিয়া কাপের ক্যাম্পে যোগ দিতে বলেন। ক্যাম্প শুরুর তারিখ ৭ জুন। কিন্তু ফেডারেশন সভাপতির সঙ্গে দেখা না করার আগ পর্যন্ত ক্যাম্পে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন খেলোয়াড়েরা। কাল হকি স্টেডিয়ামে এসেছিলেন খেলোয়াড়েরা, সেখানেই হয়েছে এই নতুন সিদ্ধান্ত।

খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান (বাপ্পী) ব্যাখ্যা করলেন খেলোয়াড়দের অবস্থান, ‘সভাপতি স্যারের সঙ্গে দেখা না করে ক্যাম্পে যোগ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেব না। ওনার সঙ্গে দেখা করে আমাদের দাবিদাওয়াগুলো জানাব। রাফি সাহেব (ফেডারেশনের সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার রাফিউল হক) জানিয়েছেন, স্যার আমাদের সঙ্গে দেখা করবেন ৮ জুন।’

সেই অনুযায়ী ক্যাম্পও পেছাল তিন দিন। ১০ জুন থেকে বিকেএসপিতে জাতীয় দলের ক্যাম্প শুরুর সময় ঠিক করেছে ফেডারেশন। রাফিউল হক বলেন, ‘সিদ্ধান্তটি স্যারের মতামত নিয়ে সবাইকে জানানো হয়েছে। বিকেএসপিতে কক্ষ বরাদ্দ পাওয়া যাচ্ছে না বলেই ক্যাম্প পেছানো হয়েছে।’