বেতন বাড়ছে ডেভিড সিলভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে ডেভিড সিলভার দুর্দান্ত পারফরম্যান্স ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ে রেখেছিল অসামান্য ভূমিকা। নতুন মৌসুম শুরু হওয়ার আগে সিটি সিলভার মূল্যায়নটাও তাই করল দারুণভাবেই। নতুন মৌসুমের প্রারম্ভে স্পেনের এই প্লে-মেকারকে জানিয়ে দেওয়া হলো, আসছে মৌসুমে তাঁর বেতন বাড়ছে।ম্যানচেস্টার সিটির এই মূল্যায়নে ডেভিড সিলভার খুশি না হওয়ার কোনো কারণ নেই। বেতন বাড়ার ফলে সিলভা এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির সবচেয়ে দামি খেলোয়াড়দের কাতারে নিজেকে নিয়ে গেলেন। খবরে প্রকাশ, এখন থেকে সিলভা বেতনের দিক দিয়ে সমান হয়ে গেলেন কার্লোস তেভেজ, ইয়াইয়া টোরে কিংবা সার্জিও অ্যাগুয়েরোর মতো শীর্ষ ফুটবলারদের। কিন্তু সিলভার বেতন বাড়ছে কত? বিখ্যাত ফুটবল ওয়েবসাইট গোল ডট কম আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, গত মৌসুমে ডেভিড সিলভা সপ্তাহান্তে বেতন পেতেন এক লাখ ৩০ হাজার পাউন্ড। নতুন মৌসুমে সিলভার সাপ্তাহিক বেতন প্রায় ৬০ হাজার পাউন্ড বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ডেভিড সিলভা অবশ্য এই মুহূর্তে বার্সেলোনায় ছুটিতে আছেন। ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে সেখানেই। এই মুহূর্তে নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন তাঁরা। খুব তাড়াতাড়িই নতুন সিটির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন ডেভিড সিলভা। নতুন চুক্তি চার থেকে পাঁচ বছর মেয়াদির হওয়ার সম্ভাবনাই বেশি।আসন্ন মৌসুমে ডেভিড সিলভা ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন—এমন একটা গুজব যথেষ্টই চাউর হয়েছিল। তবে গোল ডট কমকে সিলভা জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি ছেড়ে অন্য কোনো ক্লাবে যাওয়ার কোনো ইচ্ছেই তাঁর নেই। তিনি বলেন, ‘এখনো ম্যানচেস্টার সিটির সঙ্গে আমার চুক্তির দুই বছর বাকি আছে। আমি এই ক্লাবে খেলে যথেষ্ট সন্তুষ্ট।’