বেতনের নিশ্চয়তা পেলেই ফিরবেন ক্রুইফ!
বড়দিনের ছুটি কাটাতে গতকাল হল্যান্ড গেলেন জাতীয় ফুটবল দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। তাঁর সহকারী রেনে কোস্টার যাবেন আগামীকাল। দুজনেরই ঢাকা ফেরার কথা ১২-১৩ জানুয়ারি।
তবে ডি ক্রুইফরা ফিরবেনই, এমন নিশ্চয়তা নাকি নেই। কারণ দুই ডাচ কোচের বেতন বাকি পড়েছে। গত ৭ ডিসেম্বর ত্রুদ্ধইফের দুই এবং কোস্টারের তিন মাসের বেতন পাওনা হয়েছে। কিছুদিন ধরেই বেতন নিয়ে ক্রুইফদের মন-কষাকষি চলছে বাফুফের সঙ্গে। আর্থিক সংকটে সময়মতো কোচদের বেতন দিতে পারছে না বাফুফে। দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থায় মিলছে না পৃষ্ঠপোষকও।
বিদেশি কোচরা তো সেটা বুঝবেন না। মাস গেলেই তাঁরা বেতন চান। আর বেতনের অঙ্কটাও বেশ বড়। দুজনের পেছনে বেতনসহ মাসে প্রায় ৩০ হাজার ডলার খরচ। ক্রুইফের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কোচ তাঁকে বলে গেছেন, বাফুফে বেতনের টাকা পরিশোধ করবে, এমন নিশ্চয়তা পেলে তবেই তাঁরা ফিরবেন। নইলে বেতনের ব্যাপারটা গড়াতে পারে ফিফা পর্যন্ত!
৭ জানুয়ারি ক্রুইফের তিন এবং কোস্টারের চার মাসের বেতন পাওনা হবে। তিন মাস বকেয়া পড়লেই ফিফার কাছে অভিযোগ জানানোর সুযোগ নিতে পারেন দুই কোচ। কদিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করেছিলেন ডি ক্রুইফ। তখন কোচের কাছে ফেব্রুয়ারি পর্যন্ত সময় চান সালাউদ্দিন। সেই অনুযায়ী ফেব্রুয়ারির আগ পর্যন্ত কোচদের ধৈর্য ধারণ করারই কথা। কোচদের বিদায় দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছিলেন সালাউদ্দিন। যে করেই হোক, তিনি কোচদের রেখে দেওয়ার পক্ষে। দুই দিন আগে এই প্রতিবেদককে বাফুফে সভাপতি বলেছেন, কোচদের বেতন নিয়ে সমস্যাটা সাময়িক। সব ঠিক হয়ে যাবে।
কিন্তু অতীত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ এক রাতে বাফুফেকে না জানিয়েই ঢাকা ছাড়েন। তাঁর পাওনা ১৮ হাজার ডলার পরে শোধ করতে হয়েছে বাফুফেকে। বাফুফের সূত্র জানিয়েছে, গতকাল যাওয়ার সময় ক্রুইফকে প্রায় দুই হাজার ইউরো দেওয়া হয়েছে। তবে তা পাওনা বেতনের তুলনায় সামান্য, দিনে দিনে কোচদের বেতনের বোঝা ভারী হচ্ছে আর চাপ বাড়ছে বাফুফের ওপর।