জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তন পরিপূর্ণ। ক্রীড়া সংগঠক, খেলোয়াড়দের সঙ্গে আরও অনেক মুখ। কাল দুপুরে এই জমায়েতের আয়োজক ছিল সরকার সমর্থক সম্মিলিত ক্রীড়া পরিবার। মতবিনিময়ের আড়ালে ঢাকা উত্তর ও দক্ষিণে ক্ষমতাসীন দল সমর্থিত দুই মেয়র প্রার্থীকে তাঁরা নিয়ে এল ক্রীড়াঙ্গনের কিছু দাবিদাওয়া শোনাতে।
ঢাকা মহানগরের সমস্যার অন্ত নেই। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। বিশেষ করে শিশু-কিশোরদের খেলার ব্যবস্থা করে দিতে মেয়র রাখতে পারেন বড় ভূমিকা। মেয়র নির্বাচন তাই ক্রীড়াঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ।
ঢাকা দক্ষিণের প্রার্থী সাঈদ খোকন সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন, ‘ঢাকা দক্ষিণের অধীনে ৩৭টি মাঠ আছে সিটি করপোরেশনের। নির্বাচিত হলে এগুলো দখলমুক্ত করে খেলার ব্যবস্থা করব। ক্রীড়াবান্ধব ঢাকা গড়তে প্রয়োজনীয় সব উদ্যোগই নেব।’
সুবক্তা আনিসুল হক শ্রোতাদের মুগ্ধ করলেন তাঁর জীবনের নানা গল্প বলে। প্রতিশ্রুতি দিলেন, নির্বাচিত হলে অন্যান্য বিষয়ের মতো ক্রীড়াঙ্গনের সমস্যা নিয়েও কাজ করবেন।
উল্লেখ্য, সিটি করপোরেশনের অধীনে থাকা মাঠগুলো অনেক দিন ধরেই বেদখল, রাজধানীতে তাই খেলাধুলার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। সিটি করপোরেশনের কাছে এর আগে মাঠ উদ্ধারের জন্য বাফুফে অনেকবার ধরনা দিলেও কাজ হয়নি।
বর্তমানে পাইওনিয়ার ফুটবলে কিছু আর্থিক অনুদান দিচ্ছে সিটি করপোরেশন। যদিও আর্থিক সংকটের অজুহাতে তা এখন কমে অর্ধেকে দাঁড়িয়েছে। ক্রীড়াঙ্গনে সিটি করপোরেশনের আর কোনো সহায়তা নেই। তবে ক্ষমতাসীন দল-সমর্থিত দুই মেয়র প্রার্থীই ক্রীড়াঙ্গনের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কালকের অনুষ্ঠানে এসেছেন একঝাঁক সাবেক ফুটবলার, ক্রিকেটার ও সংগঠক। ছিলেন হারুনুর রশিদ, গোলাম সারোয়ার টিপু, হাসানুজ্জামান বাবলু, আশরাফ উদ্দিন চুন্নু, বাদল রায়, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, শেখ আসলাম, কায়সার হামিদ, ওয়াসিম ইকবাল, সত্যজিৎ দাস রূপু, শফিকুল ইসলাম মানিক, মিনহাজুল আবেদীন, নাঈমুর রহমান, হাবিবুল বাশার প্রমুখ।