বেদনার স্মৃতিই ইংল্যান্ডের প্রেরণা

বিশ্বকাপ ব্যর্থতার যন্ত্রণা কত প্রকার ও কী কী, সেটা খুব ভালোমতোই জানেন স্টিভেন জেরার্ড। ২০০৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। গতবার আরও এক ম্যাচ আগেই থেমেছিল ইংলিশদের বিশ্বকাপ অভিযান। জার্মানির বিপক্ষে ৪-১ গোলে উড়ে গিয়ে বিশ্বকাপের হয়েছিল ট্র্যাজিক পরিসমাপ্তি। এই দুই কষ্টকর স্মৃতি জেরার্ড বয়ে বেড়াচ্ছেন বছরের পর বছর। তবে এবার তরুণদের সেই গল্প শুনিয়ে কষ্টের স্মৃতিকে অনুপ্রেরণা বানাতে চাচ্ছেন তিনি।
গত দুবার অন্তত গ্রুপ পর্বের বাধা পেরোনো গিয়েছিল। এবার বিশ্বকাপের শুরু থেকেই বিদায়ের হুমকিতে আছে ইংলিশরা। প্রথম ম্যাচে ভালো খেলেও ইতালির কৌশলের কাছে হার মানতে হয়েছে। আজ উরুগুয়ের বিপক্ষে হেরে গেলে বাক্স-প্যাটরা গুছিয়ে ফেলতে হবে তাদের। সত্যিই তেমনটা হলে যে কত কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে, সেটাই তরুণদের স্মরণ করিয়ে দিয়েছেন জেরার্ড, ‘মাঠে নামার আগে তাদের উপলব্ধি করা দরকার যে আমরা যদি সবকিছু ঠিকঠাক না রাখতে পারি তাহলে কত ভয়াবহ দীর্ঘ, হতাশাজনক একটা গ্রীষ্ম তাদের পার করতে হবে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ফুটবলারদের লুকানোরও কোনো জায়গা থাকে না। এই হতাশা কাটিয়ে উঠতেও অনেক লম্বা সময় লেগে যায়।’
১৯৫৮ সালে শেষবারের মতো প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি ইংল্যান্ড। এবার ‘ডি’ গ্রুপের মৃত্যুকূপ আবারও সেই হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে থ্রি লায়নদের। সন্দেহ নেই ইংলিশ ফুটবলাররা প্রচণ্ড চাপের মুখেই আছেন। তবে জেরার্ড এটাকেই শক্তি বানিয়েছেন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর যে ইংল্যান্ড দুর্ধর্ষ হয়ে ওঠে, সেটা এবারের বাছাইপর্বেও প্রমাণ করেছিলেন জেরার্ডরা, ‘যখন প্রচণ্ড চাপ ছিল, তখনই আমরা বাছাইপর্বে আমাদের সেরা দুটি পারফরম্যান্স দেখিয়েছিলাম। এ সময়ই সম্ভবত আপনি বুঝতে পারেন যে দ্বিতীয় কোনো সুযোগ আর মিলবে না। আমাদের সামনের দুটি ম্যাচেও এ রকম কিছুই ঘটবে বলে আশা করছি।’
আজ বাংলাদেশ সময় রাত একটায় উরুগুয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। এএফপি