বেদি এখনো
মুত্তিয়া মুরালিধরনকে তিনি নাম দিয়েছিলেন—বর্শা নিক্ষেপকারী! মুরালিধরনের বিদায়ের সময় সেই বিষেন সিং বেদি সুর নরম করে ফেলবেন, এমন ভাবার কোনো কারণই নেই। বরং আরও একবার মুরালিধরনকে একহাত নিয়ে তিনি দাবি করলেন, এবার অন্তত আইসিসির উচিত দুসরা বলটা নিষিদ্ধ করা।সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক মুরালিধরন যখন অবসরে যাচ্ছেন, তখন বেদি অবশ্য মানুষ মুরালির প্রশংসা করলেন। এমনকি একজন চিন্তাশীল ক্রিকেটার হিসেবেও মুরালির প্রশংসা করেছেন ভারতীয় সাবেক স্পিনার। কিন্তু তাঁর বোলিং অ্যাকশন নিয়ে বেদির সুর আগের মতোই, ‘মুরালি মানুষ হিসেবে অসাধারণ। খুবই চিন্তাশীল ক্রিকেটার আর শৈল্পিক বোলার। কিন্তু ও পেছনে রেখে যাচ্ছে বল ছোড়ার ঐতিহ্য। টেস্ট ক্রিকেট এ রকম অবৈধ বোলারে ভরে যাওয়া ঠেকাতে আইসিসিকে এখনই কিছু একটা করতে হবে।’বেদি বারবার বলছেন, মুরালির সঙ্গে তাঁর কোনো শত্রুতা নেই। আপত্তি শুধু, ‘অবৈধ’ বোলিং করেও মুরালির পার পেয়ে যাওয়া নিয়ে, ‘আমার মুরালির সঙ্গে কোনো শত্রুতা নেই। ও তো অনন্য একজন বোলার, যাকে কপি করা সম্ভব না। কিন্তু সমস্যা হলো, কোনো অফ স্পিনার বল ছুড়ে (থ্রোইং) পার পেয়ে যাবে, এটা ওর আগে কেউ কল্পনাও করতে পারেনি।’মুরালিধরন যে বিপুলসংখ্যক উইকেট নিয়ে অবসরে যাচ্ছেন, বেদি এই সংখ্যারই যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘একজন বোলারের ম্যাচে ১০ উইকেট নেওয়াটা ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরি করার মতো ব্যাপার। আমার কাছে ইনিংসে ৫ উইকেট সেঞ্চুরির সমান। মুরালি দেখা যাচ্ছে ৬৬ বার ইনিংসে ৫ উইকেট ও ২২ বার ম্যাচে ১০ উইকেট নিয়েছে। এটা তো বিশ্বাস করতেই কষ্ট হয়। আইসিসির উদারতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। এসবের পর এখন তো কোনো বোলারকে বল ছোড়ার জন্য সন্দেহ করাটাই লজ্জার ব্যাপার হবে।’চিরকালীন ‘স্পষ্ট বক্তা’ বেদির দাবি, কোনো রকম যন্ত্রপাতি ছাড়াই মুরালির মতো ‘চাকার’কে চিহ্নিত করা সম্ভব, ‘জিম লেকারের সঙ্গে মুরালির নাম উচ্চারিত হওয়া হাস্যকর। আরে, মুরালির ফলো থ্রু দেখলেই তো ওকে চাকার বলে দেওয়া যায়। এর জন্য কোনো যন্ত্রপাতি লাগে না!’সব মিলিয়ে বেদির দাবি একটাই, মুরালি-অধ্যায় গেছে যাক। এবার অন্তত দুসরাটা নিষিদ্ধ করা হোক, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুসরা যেহেতু বৈধভাবে ডেলিভারি দেওয়াই সম্ভব না, আইসিসির এটা নিষিদ্ধ করা উচিত।’ ওয়েবসাইট।