বেদিকে মুরালির পাল্টা তীর
এত দিন শুধু চুপ করে সব আক্রমণ সহ্য করেছেন। যে যা বলেছে, জবাব দেননি। আইসিসি চাইলেই পরীক্ষা দিতে রাজি হয়ে গেছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর সহ্যের বাঁধ ভেঙে গেল মুত্তিয়া মুরালিধরনের। এত দিনের নিষ্ঠুর সমালোচক বিষেন সিং বেদিকে কড়া ভাষায় জবাব দিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সোজা বলে দিলেন, বেদি একজন বিতর্কপ্রিয় সাধারণ মানের স্পিনার!মানুষ হিসেবে বেদি কেমন, তা নিয়ে তর্ক থাকতে পারে। তবে মুরালিধরনের ব্যাপারে কোনো দিন কোনো সহানুভূতি ছিল না সাবেক ভারতীয় অধিনায়কের কথায়। মুরালিধরনকে ‘চাকার’, ‘বর্শা নিক্ষেপকারী’ বলে অভিহিত করে সব সময় দাবি করেছেন, আইসিসির অনুগ্রহ আছে বলেই শ্রীলঙ্কান স্পিনার ভূরি ভূরি উইকেট পেয়েছেন।এবার মুরালি বললেন, বেদির এসব কথা বলার কারণ তাঁর স্বভাব, ‘সে নিজেই একজন বিতর্কিত মানুষ। দুনিয়ার সব জায়গায় বিতর্ক তৈরি করে বেড়িয়েছে সে। অন্য কাউকে নিয়ে কথা বলার আগে তার নিজেকে নিয়ে ভাবা উচিত।’বেদিকে এটুকু বলে থেমে থাকেননি মুরালি। সাবেক এই ভারতীয় স্পিনারের খেলোয়াড়ি যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। বলছেন, ‘ভারতের সেরা’ অনিল কুম্বলে দূরে থাক চন্দ্রশেখর, ভেঙ্কটরাঘবন বা প্রসন্নর কাছাকাছিও মান নয় বেদির। আজকের দিন হলে বেদিকে ব্যাটসম্যানরা বলে বলে পেটাত বলে দাবি মুরালির, ‘আমার মনে হয় না বেদি এই (ভারতের সেরা স্পিনারের) প্রতিযোগিতায়ও আসবেন। আমি তাঁকে তাঁর খেলোয়াড়ি জীবনে বল করতে দেখেছি। আজকের দিন হলে প্রতি বলে পিটুনি খেতেন তিনি। ফলে তুলনা করাই ঠিক না।’ভারতের সেরা স্পিনার কে—সে প্রসঙ্গে বলতে গিয়ে মুরালি বললেন, অনিল কুম্বলেই তাঁর চোখে সেরা, ‘প্রসন্ন খুব ভালো বোলার। আমি ওনার বল দেখেছি। ভেঙ্কটরাঘবনও ভালো। কিন্তু বেদি এঁদের ধারেকাছেও নেই। তাঁর কোনো বৈচিত্র্য ছিল না। আর আপনারা অনিল কুম্বলের কথা ভুলে যাচ্ছেন কেন। বেদি বা ভেঙ্কটরাঘবন বা অন্য কেউ না; ভারতের সেরা স্পিনার কুম্বলেই। এ নিয়ে সন্দেহ করারই সুযোগ নেই। পরিসংখ্যান বলুন আর অন্যকিছু, সব বিবেচনাতেই সে বাকি সবার চেয়ে এগিয়ে।’সে যেই এগিয়ে থাক, এটা কিন্তু কথার লড়াইয়ে মুরালিধরনের ‘সমতা’ আনার চেষ্টা! ওয়েবসাইট।