বেনজেমাকে বদলে দিয়েছেন জিদান
গত মৌসুমেও দলে জায়গা পেতে তাঁকে লড়াই করতে হতো গঞ্জালো হিগুয়েইনের সঙ্গে। সেই করিম বেনজেমাই এ মৌসুমে আছেন দুর্দান্ত ফর্মে। বিশেষ করে ২০১৪ সালে তো রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার উড়ছেন। এ বছরে ১৪ ম্যাচেই করেছেন ১২ গোল। গোল করাচ্ছেন সতীর্থদের দিয়েও। বেনজেমার বিস্ময়কর রূপান্তরের রহস্য কী? জিনেদিন জিদান। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিই বললেন, জিদানই খুলে দিয়েছেন বেনজেমার মনের তালা।
এই মৌসুমেই রিয়ালের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন জিদান। কাজেই শুধু বেনজেমা নন, কোচ আনচেলত্তির পাশে থেকে জিদান কাজ করছেন দলের সব খেলোয়াড়ের সঙ্গেই। তবে স্বদেশি হিসেবে বেনজেমার দিকে একটু বেশিই নজর দিচ্ছেন। আনচেলত্তিও বললেন, জিদান নানাভাবে বেনজেমার মানসিক বাধা দূর করে খুলে দিয়েছেন সম্ভাবনার দুয়ার, ‘আমি মনে করি জিদান অসাধারণ কাজ করছে। বিশেষ করে করিমের সঙ্গে।’
নিজের কাজ দিয়ে জিদান মন জয় করে নিয়েছেন কোচেরও। জিদান জুভেন্টাসে খেলার সময় দুই বছর কোচ হিসেবে পেয়েছিলেন আনচেলত্তিকে। ভাগ্যের চাকায় আজ সাবেক সেই গুরুরই সহকারী তিনি। জিদানের মতো একজনকে সহকারী হিসেবে পেয়ে আনচেলত্তি উচ্ছ্বসিত, ‘জিদানের সঙ্গে কাজ করে আমি খুব খুশি। তার উৎসাহ-উদ্দীপনা প্রচুর। জানেও প্রচুর। সে বুঝতে পারে মাঠে কী ঘটবে।’ ওয়েবসাইট।