বেনজেমার উত্থানে ফ্রান্সের পুনর্জাগরণের স্বপ্ন
২০০৫ সালে মাত্র ১৭ বছর বয়সে পেশাদারি ফুটবলের জগতে পা রেখেছিলেন করিম বেনজেমা। সম্ভাবনাময় প্রতিভার প্রমাণ দেওয়া সত্ত্বেও ২০০৮ সালের ইউরোতে ফ্রান্সের জাতীয় দলে জায়গা হয়নি এই স্ট্রাইকারের। ২০১০ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ৯ গোল করে মৌসুম শেষ করার পরও তিনি সুযোগ পাননি ফ্রান্সের বিশ্বকাপ মিশনে। কিন্তু এইবারের ইউরো আসরে হয়তো বেনজেমাকে ঘিরেই শিরোপা জয়ের স্বপ্ন দেখবে ফ্রান্স।শেষ ৮ বছরে ফুটবল জগতে দারুণ অগ্রগতির প্রমাণ দিয়েছেন করিম বেনজেমা। ২০০৯ সালে ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর দীর্ঘদিন প্রথম একাদশে জায়গাই করে উঠতে পারেননি এই স্প্যানিশ স্ট্রাইকার। ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়েইন, কাকার মতো বিশ্বসেরা স্ট্রাইকারদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগটাও ভালোমতো পাননি তিনি। তবে এবারের মৌসুমে সেই কাজটা বেশ ভালোমতোই করেছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের স্প্যানিশ লিগ জয়ের মৌসুমে বেনজেমা করেছেন ২৬টি গোল। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানকে পেছনে ফেলে তিনিই এখন রিয়ালের জার্সি গায়ে সবচেয়ে বেশি গোল করা ফরাসি ফুটবলার। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ইউরো ২০১২-তেও যে বেনজেমা ফ্রান্সের আক্রমণ-ভাগের প্রধান সেনানী হয়ে উঠবেন, এটা বেশ সহজেই অনুমান করা যায়।তবে বেনজেমার এই উত্থানটা খুব একটা সহজ ছিল না। ২০১০ সালে মরিনহো রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে এবার হয়তো বেনজেমাকে কিছুটা সামনের সারিতে দেখা যাবে। কিন্তু শুরুতেই কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। অনুশীলনে দেরি করে আসায় মরিনহোর তোপের মুখে পড়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করেছিল স্প্যানিশ পত্রিকা মার্কা। তবে ২০১০-১১ মৌসুমে হিগুয়েইনের ইনজুরিটা ভাগ্য খুলে দেয় বেনজেমার। আর প্রথম একাদশে জায়গা পাওয়ার সুযোগটাও বেশ ভালোমতোই কাজে লাগান তিনি। ধীরে ধীরে অর্জন করেন মরিনহোর আস্থা। যার প্রতিফলন পাওয়া যায় এই বছরের ফেব্রুয়ারিতে মরিনহোর করা এক মন্তব্যে। পর্তুগিজ এই কোচ বেনজেমা সম্পর্কে সে সময় বলেছিলেন, ‘ক্লাবের সবাই দেখতে পাচ্ছে যে এক বছরের ব্যবধানে তার কতটা অগ্রগতি হয়েছে। সেন্টার ফরোয়ার্ডের বৈশিষ্ট্য অনুযায়ী সে গোল করতে পারে। আর আক্রমণের সময় অন্যদের সহায়তা করতেও সে খুব পারদর্শী। আবার রক্ষণাত্মক ভূমিকাতেও তাকে দেখতে পাওয়া যায়। নিশ্চিতভাবেই সে নিজেকে বড় মাপের ফুটবলারের মর্যাদা অর্জন করতে যাচ্ছে।’মরিনহো এই কথাগুলো নিশ্চয়ই ফ্রান্সের কোচ লরেন্ত ব্লাঁও মাথায় রাখবেন। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে ফ্রান্সের জার্সি হায়ে গোলও করেছেন বেনজেমা। আর এই ফর্ম ধরে রাখতে পারলে এবারের ইউরোপ-সেরার আসরে নিশ্চিতভাবেই গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হিসেবে ঘোষিত হবে বেনজেমার নাম। আর ফ্রান্সও পুনর্জাগরণের স্বপ্ন দেখবে বেনজেমাকে ঘিরে। ওয়েবসাইট।