বেনজেমার গোলে রিয়ালের কষ্টার্জিত জয়
রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার সংকটের চিত্রটা দিন দিন স্পষ্ট হচ্ছে। গত সপ্তাহে লিগ ম্যাচে আলমেইরার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সবাইকে অবাক করেছিল ইউরোপের অন্যতম শক্তিশালী এই ক্লাবটি। দুই দিন আগে কিংস কাপে নিজ নগরের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও জিতেছিল মাত্র এক গোলের ব্যবধানে। গতকাল মালোর্কার বিপক্ষেও সেই রকমই ঘাম ঝরানো জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মরিনহো শিষ্যদের। খেলার ৬১ মিনিটে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার একমাত্র গোলটি কোনোমতে মান বাঁচিয়েছে রিয়ালের।রিয়ালের মূল স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন দীর্ঘ সময়ের জন্য ইনজুরিতে পড়ার পর থেকেই স্ট্রাইকার সংকটে ভুগছে রিয়াল মাদ্রিদ। নতুন স্ট্রাইকার কেনা না-কেনা নিয়ে নাকি মরিনহোর সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের মন কষাকষিও শুরু হয়ে গেছে। হাতে পর্যাপ্ত ‘অস্ত্র’ না থাকায় ঠিকমতো রণকৌশল সাজাতে পারছেন না ফিফার বর্ষসেরা এই কোচ। এখন বাধ্য হয়ে করিম বেনজেমাকে মূল স্ট্রাইকারের জায়গায় খেলালেও মরিনহো নাকি এই জায়গাটিতে আরও অভিজ্ঞ-পেশাদার কাউকেই চাইছেন। তবে গতকাল কিন্তু এই বেনজেমাই ভয়াবহ লজ্জার হাত থেকে মুক্তি দিয়েছেন মরিনহোকে। বারবার প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েও যখন কাঙ্ক্ষিত গোলের দেখাটা পাচ্ছিলেন না রোনালদো, ডি মারিয়া, মেসুত ওজিলরা তখন ৬১ মিনিটের মাথায় এস্তেবান গ্রানেরোর পাস থেকে বাঁ পায়ের মাপা শটে বল জালে জড়িয়ে দেন বেনজেমা।ম্যাচ জয়ের কৃতিত্বের ভাগ কিছুটা অবশ্যই দেওয়া উচিত রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াসকে। দুই দুইবার মালোর্কা স্ট্রাইকারদের ভয়াবহ কিছু আক্রমণ তিনি অসাধারণ দক্ষতায় প্রতিহত না করলে খেলার ফলাফলটা হয়তো অন্য রকমও হতে পারত।রিয়ালের গতকালের এই ম্যাচটার পর ক্লাব কর্মকর্তারা নিশ্চয়ই নতুন করে ভাববেন স্ট্রাইকার সমস্যা নিয়ে। তবে মরিনহো অবশ্য ম্যাচ শেষে সন্তোষই প্রকাশ করেছেন। বলেছেন, ‘বিরতির সময় গোলশূন্য ফলাফলটা বেশ ভালোই ছিল। কারণ আমরা জানতাম, দ্বিতীয়ার্ধে আমরা খেলাটায় পরিবর্তন আনতে পারব। আর শেষ পর্যন্ত তা-ই হয়েছে। আমরা খুবই কঠিন ও গুরুত্বপূর্ণ একটা জয় পেয়েছি।’ রয়টার্স