
বিশ্বকাপ শুরুর আগে কজনই বা জানত তাঁর নাম? এখন তিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের আলোচিত এক নাম। একজন ভ্যালেন্সিয়াকে অবশ্য ভালোমতোই চিনত ফুটবল-বিশ্ব। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের আন্তনিও ভ্যালেন্সিয়া নন, এই বিশ্বকাপে ইকুয়েডরের নায়ক এনার ভ্যালেন্সিয়া। প্রথম ম্যাচে গোল করে এগিয়ে দেওয়ার পরও দেখতে হয়েছে দলের পরাজয়। পরশু উল্টো। পিছিয়ে থাকা দলকে সমতায় ফিরিয়েছেন, আরেকটি গোলে পরে জিতিয়েছেন দলকে। দ্বিতীয় গোলটি তো ছিল দুর্দান্ত। জেমি আইয়োভির ফ্রি-কিকে অনেকটা লাফিয়ে ড্রপ হেডে বল পাঠিয়েছেন জালে। দলকে জিতিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্টে ৩ গোল নিয়ে মুলার-বেনজেমাদের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে!
ব্রায়ান রুইজের জন্যও পরশুর দিনটি ছিল আড়াল থেকে আলোতে আসার। প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ৩-১ গোলের জয়েও দুর্দান্ত খেলেছিলেন রুইজ। গতি আর স্কিলে সেদিন ত্রস্ত রেখেছিলেন উরুগুয়ের রক্ষণকে। তবে সব আলো কেড়ে নিয়েছিলেন দলের তিন গোলস্কোরার। পরশু তাই বুিঝ আর কোনো ঘাটতিই রাখলেন না ফুলহাম থেকে ধারে আইন্দহোফেনে থাকা অ্যাটাকিং মিডফিল্ডার। তাঁর দুর্দান্ত হেডেই ইতালি-বধ, ২৪ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কোস্টারিকা।
একটি পেনাল্টি মিস করেছেন, শেষ মুহূর্তে আরেকবার বল জালে পাঠিয়েও গোল পানিন রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেওয়ায়। সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করা ম্যাচে তবু ম্যান অব দ্য ম্যাচ করিম বেনজেমাই। দ্বিতীয়ার্ধে একটি গোল করেছেন বটে, তবে ম্যাচের ভাগ্য তো তখন নির্ধারিতই। তার পরও বেনজেমা ম্যাচসেরা পুরো ম্যাচে প্রভাবের জন্য। এই বিশ্বকাপে নিজেকে যেন নতুন করে চেনাচ্ছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। গোল করছেন, করাচ্ছেন। বেনজেমা বল পাওয়া মানেই যেন প্রতিপক্ষেই রক্ষণে আতঙ্ক। কলম্বিয়ার জেমস রদ্রিগেজের পর একমাত্র বেনজেমাই ম্যাচসেরা হলেন টানা দুই ম্যাচ।