বেনিতেজ বরখাস্ত হয়েছেন, হননি
মহা ঝামেলাতেই পড়ে গেছেন রাফায়েল বেনিতেজ। ‘আমি বরখাস্ত হইনি’—জনে জনে এ কথা বলে বেড়াতে হচ্ছে তাঁকে। ইতালির ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত পরশু খবর দিয়েছে, ইন্টার মিলানে ছয় মাসের মাথায়ই সরিয়ে দেওয়া হয়েছে বেনিতেজকে। এএফপি, ওয়েবসাইট।বেনিতেজের প্রতিক্রিয়াটা শুনুন, ‘এই গুজব শুনে আমি যারপরনাই বিস্মিত। অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে, আমি বরখাস্ত হয়েছি কি না। এটা সত্যি নয়। আমি ছুটি কাটাচ্ছি এবং ফিরে আবার কাজ শুরু করব।’ক্লাব বিশ্বকাপ জয়ের পর আবুধাবিতে সংবাদ সম্মেলনে কিছু ক্ষোভ উগরে দিয়েছিলেন বেনিতেজ। ইন্টার তাঁর চাওয়া অনুযায়ী খেলোয়াড় কিনে দেয়নি উল্লেখ করে বেনিতেজ বলেছিলেন, ‘আমাকে সমর্থন দিন, নয় বিদায় করে দিন।’ গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর প্রতিবেদনে লেখা হয়েছে, ক্লাব সভাপতি মাসিমো মোরাত্তি বেনিতেজের এই কথায় চটে গিয়েই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।যা নিয়ে এত কিছু, সেই ব্যাপারটি কিন্তু আবারও জোর দিয়েই বলেছেন বেনিতেজ, ‘আমি সভাপতির ওপর চাপ তৈরি করতে চাই না। কিন্তু আমার পরিকল্পনা তাঁকে জানিয়েছি। আমার পরিকল্পনা হচ্ছে শিগগিরই কার্যকর খেলোয়াড় দলে নেওয়া। আর ভবিষ্যতের জন্য তরুণ খেলোয়াড় নিতে হবে। শিগগিরই ট্রান্সফার শুরু হবে। এসব নিয়ে তো এখনই কথা বলতে হবে।’