বেনিতেজে উপকৃত তোরেস
নিজেকে হারিয়ে খুঁজছেন ফার্নান্দো তোরেস। ২০১১ সালের জানুয়ারি মাসে লিভারপুল ছেড়ে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমানোর পর থেকে মাঠে যেন আর খুঁজেই পাওয়া যায় না এই স্প্যানিশ স্ট্রাইকারকে। লিভারপুলে গোল করার যে ক্ষমতা তোরেস দেখিয়েছিলেন; যে ক্ষিপ্রতা তাঁকে বিশ্বের অন্যতম সেরা এক স্ট্রাইকারে পরিণত করেছিল, সেটা চেলসিতে আসার পর যেন একেবারেই অপ্রকাশ্য। জাতীয় দলে তো বটেই, পেশাদারি ক্ষেত্রেও সাইডবেঞ্চের অবস্থানটা যেন পাকাপোক্তই হয়ে গেছে তাঁর। এবার পুরোনো কোচ রাফায়েল বেনিতেজের কল্যাণে তোরেস অপেক্ষায় আছেন নিজেকে নতুন করে খুঁজে পেতে।তোরেস নিজেকে কিছুটা খুঁজে পেয়েছেনও। দাবিটা খোদ বেনিতেজেরই। লিভারপুলে থাকতে তিনি তোরেসকে যেভাবে গড়েছিলেন, চেলসিতেও তিনি তাঁকে সেভাবেই তৈরি করা শুরু করেছেন নতুন করে। সঙ্গে যুক্ত আছেন ফিটনেস কোচ প্যাকো ডি মিগুয়েল। লিভারপুলের সাবেক ফিটনেস ট্রেনার মিগুয়েল জানেন, নিজেকে ফিরে পাওয়ার এই লড়াইয়ে তোরেসকে কীভাবে সাহায্য করতে হয়।‘তোরেসের জন্য চলছে বিশেষ ধরনের ফিটনেস ট্রেনিং। সে ইতিমধ্যেই এই ট্রেনিং থেকে উপকৃত হচ্ছে; তাঁর গতি বেড়েছে।’ বলেছেন বেনিতেজ।তোরেসের জন্য বিশেষ ফিটনেস ট্রেনিংয়ে আছে ভারোত্তোলনের ব্যবস্থা। তাঁর গোল করার দক্ষতা বাড়াতেও চলছে অন্য ধরনের অনুশীলন।বেনিতেজ বলেন, ‘লিভারপুলে থাকতে আমি আর মিগুয়েল তোরেসের জন্য ঠিক এ ধরনের ব্যবস্থাই হাতে নিয়েছিলাম। ওই ব্যবস্থায় উপকৃত হয়েছিল সে।’গত নভেম্বরে চেলসির কোচ হয়ে এসেই বেনিতেজ তোরেসের প্রতি বিশেষ মনোযোগী হন বলে জানিয়েছেন। তিনি মিগুয়েলকে নিয়ে তোরেসের জন্য এই নতুন ধরনের অনুশীলনের ব্যবস্থা করেন।মিগুয়েল-বেনিতেজের পরিকল্পনায় তোরেস যে উপকৃত, সেটা তাঁর সাম্প্রতিক ফর্মেই পরিষ্কার। নিয়মিত না খেলেও প্রিমিয়ার লিগে তিনি গোল করেছেন ২০টি। সর্বশেষ তিন ম্যাচে তাঁর গোলসংখ্যা পাঁচ। এ তো পরিষ্কার উন্নতিই। রয়টার্স।