বেনিতেজে ক্ষুব্ধ মিলিতো
গত মৌসুমে প্রথম ইতালিয়ান ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জিতেছে ইন্টার মিলান। ইতিহাস গড়া সাফল্যে মুখ্য ভূমিকা রেখেছিলেন দিয়েগো মিলিতো। গত ২২ মে রিয়ালের বার্নাব্যু স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনালের দুই গোলসহ এই আর্জেন্টাইন স্ট্রাইকার চ্যাম্পিয়নস লিগেই করেছিলেন ৬ গোল। সব মিলে মৌসুমে ৩০ গোল।সেই মিলিতোই এবার খুঁজে পাচ্ছেন না প্রতিপক্ষের জাল! সিরি ‘এ’ আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে খেলে ফেলেছেন সাতটি ম্যাচ। অথচ গোলের দেখা নেই। কিন্তু কেন গোল পাচ্ছেন না মিলিতো? কারণ খুঁজতে গিয়ে ইতালিয়ান মিডিয়ায় তোলপাড়, বেনিতেজের কারণেই নাকি মিলিতোর এই দশা! মৌসুমের কোনো ম্যাচেই মিলিতোকে পূর্ণ সময় খেলাননি বেনিতেজ। কোচের আচরণে মিলিতোও ক্ষুব্ধ। রোববার পালেরমোর বিপক্ষে ২-১ গোলে জয়ের পর তো বলেই ফেলেন, ‘কেন সব সময়ই আমি উঠে আসাদের একজন?’ মিলিতো যে বেনিতেজে ক্ষুব্ধ এটা নিশ্চিত করেছেন তাঁর এজেন্টও, ‘নতুন কোচের প্রতি দিয়েগোর অনুভূতি ঠিক সুখের নয়। মরিনহো তাঁকে অপরিহার্য মনে করত। কিন্তু এখন ঘটনাটা সে রকম নেই।’ মিলিতো ক্ষুব্ধ হলেও শিষ্যের পাশেই আছেন কোচ বেনিতেজ। গোল না পেলেও মিলিতোর পারফরম্যান্সের জয়গানই তাঁর মুখে, ‘মিলিতো দুর্দান্ত খেলছে। একজন স্ট্রাইকারের মূল কাজ হলো দলকে ভালো খেলতে সাহায্য করা। সে শুধু গোলটাই পাচ্ছে না। তবে আমি ওর সঙ্গে কথা বলেছি। দিয়েগোর ওপর আমার একটা কারণেই রাগ হয়, ও নিজের ওপর ক্ষুব্ধ। গোল না পাওয়ায় ওর উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই।’ ওয়েবসাইট।