বেনিতেজের ওপর চটেছেন মোরাত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব বিশ্বকাপ জিতে রাফায়েল বেনিতেজ কোথায় একটু নিশ্চিন্ত হবেন, উল্টো ইন্টার মিলানে তাঁর দিন শেষ হতে চলেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইতালিতে।‘দোষ’টা বেনিতেজেরই। ক্লাব বিশ্বকাপে সাফল্যকে জমে থাকা ক্ষোভ উগরে দেওয়ার সুযোগ হিসেবে দেখেছিলেন স্প্যানিশ কোচ। কড়া কড়া কিছু বলার পর ‘আমাকে সমর্থন দিন, নয় বিদায় করে দিন’—বলে এক ধরনের হুমকিই দিয়েছিলেন ক্লাব সভাপতি মাসিমো মোরাত্তিকে। এতেই মোরাত্তি বেজায় চটেছেন।সমর্থন বলতে কী চাইছেন, সেটিও ব্যাখ্যা করেছিলেন বেনিতেজ। দিয়েছিলেন সুনির্দিষ্ট উদাহরণও, ‘গত মৌসুমে মোরাত্তি একাদশে প্রথম পছন্দ এমন ৫ জন নতুন খেলোয়াড়ের জন্য ৮০ মিলিয়ন ইউরো খরচ করেছেন। কিন্তু এই বছরে নতুন কোচের জন্য তিনি কিছুই খরচ করেননি।’প্রকারান্তরে তো মোরাত্তির সমালোচনাই হলো এটা। সরাসরি কিছু না বললেও মোরাত্তি যে এটা ভালোভাবে নেননি, সেটি বোঝাতেও বাকি রাখেননি। বেনিতেজের মন্তব্য ক্লাব বিশ্বকাপ জয়ের আনন্দটাই মাটি করে দিয়েছে কি না—এই প্রশ্নে মোরাত্তির জবাব, ‘না, তা করেনি। তবে তাঁর এই কথাগুলো বলার সময় এটা নয়। কিন্তু এ মুহূর্তে ইন্টারের সমর্থকেরা আনন্দিতই।’নাছোড়বান্দা সাংবাদিকেরা ইন্টারে বেনিতেজের ভবিষ্যতের ব্যাপারে জানতে পীড়াপীড়ি করার পর বলেছেন, ‘বেনিতেজের এ ব্যাপার নিয়ে আমি এখন কিছু বলব না।’না বলেও বোধ হয় অনেক কিছু বলে দিয়েছেন মোরাত্তি। এএফপি।