বেনিতেজের কোনো চাপ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ের পর একটু হলেও যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন রাফায়েল বেনিতেজ। গত শনিবারের ম্যাচের পরপরই অবশ্য চেলসিকে ক্লাব বিশ্বকাপে খেলতে উড়ে যেতে হয়েছে জাপানে। এ শিরোপাটাও ফসকে গেলে বেনিতেজের চাকরি নিয়ে শুরুতেই পড়ে যেতে পারে টানাটানি। বেনিতেজ সেটা অস্বীকারও করতে পারেননি, ‘বিশ্বের এই অর্থনৈতিক মন্দায় সবাই-ই চাপে আছে। চাপ আমার জন্য কোনো সমস্যা নয়। ভবিষ্যৎ হলো এর পরের খেলাটা, তার পরেরটা।’চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় হলেও এটি নিয়ে নাকি খুব ভাবছেন না। বেনিতেজের পুরো মনোযোগ এখন ক্লাব বিশ্বকাপেই, ‘চ্যাম্পিয়নস লিগে আছি কি নেই সেটা ব্যাপার না। এটা একটা দারুণ সুযোগ, আমরা এখানে জিততেই এসেছি। শেষ দুটি ম্যাচ আমরা জিতেছি। ভালোও খেলেছি।’নিজের সাবেক শিষ্য ফার্নান্দো তোরেস ফর্মে ফেরার আভাস দিয়েছেন, এটাও স্প্যানিশ কোচের জন্য স্বস্তির উপলক্ষই, ‘দল এখন অনেক সুযোগ তৈরি করছে, ফার্নান্দোও এখন অনেক ভালো অবস্থায় আছে।’ মেক্সিকোর মনতেরেইয়ের সঙ্গে পরশু সরাসরি সেমিফাইনাল খেলবে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। অন্য সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ব্রাজিলের করিন্থিয়ানস ও মিসরের আল-আহলি। রয়টার্স।