বেনিতেজের চেলসি-মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্তো ডি মাত্তেওর বিদায় সেই বিখ্যাত বচনটাই যেন মনে করিয়ে দিল, ‘ফুটবল কোচ দুই রকম। এক দল এর মাঝে ছাঁটাই হয়েছেন, আরেক দল ছাঁটাই হতে চলেছেন।’ চেলসির ক্ষেত্রে এটি বোধ হয় আরও বেশি করে সত্য। রোমান আব্রামোভিচ ২০০৪ সালে মালিকানা কেনার পর এ পর্যন্ত ১০ জন কোচ দেখেছে চেলসি। রাফায়েল বেনিতেজ কদিন থাকবেন সেটা নিয়ে এখনই অনুমান করাটা দুরূহ। মাত্রই চেলসির কোচ হয়েছেন। তবে পূর্ণকালীন নয়, অন্তর্বর্তীকালীন কোচ। গত পরশু ছিল চেলসির কোচ হিসেবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। স্বল্প মেয়াদে কোচ হয়েছেন বলে অবশ্য কোনো খেদ নেই লিভারপুলের সাবেক কোচের, ‘আমি প্রথম দিন থেকেই লড়ব। দেখা যাক কী হয়। কালকে কী হবে সেটা আপনি এখনই বলতে পারেন না। আমাদের এই সপ্তাহে একটা বড় ম্যাচ আছে (ম্যানচেস্টার সিটির সঙ্গে)। পাঁচটা ট্রফির জন্য লড়তে হবে আমাদের।’চেলসিতে এসে নিজের ছায়া হয়ে যাওয়া ফার্নান্দো তোরেসেরই অবশ্য এতে বেশি খুশি হওয়ার কথা। সাবেক গুরুর সঙ্গে পুনর্মিলনী তোরেসকে উদ্বুদ্ধ করবে কি না সেটা অবশ্য সময়ই বলে দেবে। তবে তোরেসকে দৃশ্যত আলাদাভাবে গুরুত্ব দিচ্ছেন না, ‘আমি তার (তোরেসের) সঙ্গে কথা বলেছি, যেমনটা বলেছি বাকিদের সঙ্গে। সে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার তো বটেই, বাকিদের উন্নতির জন্যও আমি কাজ করে যাব।’ এএফপি।