বেনিতেজের ‘তিক্ত’ অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু চেলসি-ম্যানচেস্টার সিটি ম্যাচের তখন ঠিক ১৬ মিনিট। হঠাৎ করে মাত্রই সাবেক হওয়া কোচ রবার্তো ডি মাত্তেওর নামে হর্ষধ্বনি ওঠে স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসিতে ১৬ নম্বর জার্সি পরে খেলতেন, তাই বেছে নেওয়া ১৬ মিনিট। পুরো স্টেডিয়ামেই চোখে পড়েছে ডি মাত্তেওর স্তুতিতে ভরা অসংখ্য ব্যানার। এর সঙ্গে পাল্লা দিয়েই যেন চলেছে নতুন কোচ রাফায়েল বেনিতেজের মুণ্ডপাত। এর আগে কোনো নতুন কোচ নিজেদের মাঠে এতটা বিরূপ অভ্যর্থনা পেয়েছেন কি না সন্দেহ। এটি যতটা না মাত্তেওর বিতর্কিত বিদায়ের কারণে, তার চেয়েও হয়তো বেশি লিভারপুলে থাকার সময় বেনিতেজের চেলসি-বিদ্বেষ। অভিষেকটা অবশ্য খুব একটা খারাপ হয়নি বেনিতেজের, সিটির কাছ থেকে অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে চেলসি! ড্র করে আবার শীর্ষস্থান খুইয়েছে সিটি, আগের দিন যে ইউনাইটেড ৩-১ গোলে হারিয়েছে কিউপিআরকে। এবং এই জয়টাও অনুমিত চিত্রনাট্য অনুসারে। প্রথমে পিছিয়ে পড়ার পরই ৩ গোল করে ইউনাইটেড। শনিবার অ্যাস্টন ভিলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল, রোববার সোয়ানসির সঙ্গে লিভারপুলও তা-ই।সিরি ‘আ’তে এসি মিলান ইঙ্গিত দিচ্ছে সুসময়ে ফেরার। সান সিরোতে গত পরশু জুভেন্টাসের বিপক্ষে ১-০ জয়টা তাদের দারুণ এক অর্জন। রবিনহোর পেনাল্টি গোলটা নিয়ে অবশ্য বিতর্ক আছে। এএফপি, রয়টার্স।